জনি লির কাছে ফিরছেন জোলি!

ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদের পর নতুন কোনো সম্পর্কে জড়াননি অ্যাঞ্জেলিনা জোলি। ৪ জুন ছিল অ্যাঞ্জেলিনা জোলির জন্মদিন। দিনটি উদযাপন করতে সাত সন্তানকে নিয়ে নিউ ইয়র্কে গেছেন তিনি। সেখানেই গত শুক্রবার সাবেক স্বামী জনি লি মিলারের বাড়ি থেকে বের হওয়ার সময় পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি হয়েছেন জোলি। এরপরই শুরু হয়েছে জল্পনা-কল্পনা। তবে কি সাবেক স্বামীর ঘরেই ফিরছেন জোলি? বিচ্ছেদের এত বছর পরেও তাদের বন্ধুত্ব হারায়নি। ১৯৯৫ সালে ‘হ্যাকার্স’ ছবির সুবাদে জোলির সঙ্গে পরিচয় হয় ব্রিটিশ নির্মাতা জনি লি মিলারের। তাদের বিয়ে হয় ১৯৯৬ সালে। তবে ১৯৯৭ সালের সেপ্টেম্বরেই তারা আলাদা হয়ে যান। জনি লি মিলারের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে জোলি বলেছিলেন, ‘আমরা কখনোই ঝগড়া করিনি, কেউ কাউকে আঘাতও করিনি। আমি তার স্ত্রী হয়ে পাশে থাকতে চেয়েছিলাম।’ জনি লি মিলারের সঙ্গে বিচ্ছেদের পর ২০০০ সালে বিলি বব থর্নটনকে বিয়ে করেছিলেন জোলি। সেই বিয়ে ভেঙে যায় ২০০৩  সালে। এরপর ব্র্যাড পিটের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান জোলি। ২০১৯ সালে সেই সম্পর্কের অবসান হয়।