মেসির শিরোপা আক্ষেপ ঘোচানোর অভিযান শুরু আজ

আকাশি-সাদা জার্সিতে লিওনেল মেসির প্রাপ্তি কী? ৬ বারের বর্ষসেরার মর্যাদা জয়ী বার্সেলোনা ফরোয়ার্ড এই এক প্রশ্নেই আটকে যান। ২০০৫ সালে জাতীয় দলে অভিষেকের পর থেকে কেটে গেছে ১৬টি বছর। একবার বিশ্বকাপ ফাইনাল, দু’বার কোপা আমেরিকার ফাইনালে পৌঁছেও ছোঁয়া হয়নি কাক্সিক্ষত শিরোপা। বিশাল এই শূন্যতা কি কখনই কাটবে না এই ফুটবল জাদুকরের? এমন প্রশ্ন নিয়ে আবারও একটি শিরোপায় চোখ রেখে আজ অভিযান শুরু করতে যাচ্ছেন মেসি। কোপা আমেরিকার ‘বি’ গ্রুপে চিলির সঙ্গে খেলতে নামছে আর্জেন্টিনা। এই টুর্নামেন্টের শিরোপাও ২৮ বছর ধরে সোনার হরিণ হয়ে আছে আর্জেন্টাইনদের জন্যও।

গত ৪ জনই চিলির সঙ্গে খেলেছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ের সেই ম্যাচটা শেষ হয় ১-১ ড্রয়ে। মেসির গোলে এগিয়ে যাওয়া আর্জেন্টিনাকে জয় বঞ্চিত করেন চিলির ইন্টার-মিলান তারকা অ্যালেক্সিস সানচেজ। মেসি-সানচেজ দ্বৈরথটা অবশ্য এ যাত্রায় দেখা যাবে না। ট্রেনিং পাওয়া চোটের কারণে গোটা গ্রুপপর্বই বিশ্রামে থাকতে হচ্ছে ৩২ বছর বয়সী সানচেজকে। মেসির নেতৃত্বে ২০১৫ ও ২০১৬ সালে পরপর দুটি কোপার ফাইনালে আর্জেন্টিনাকে হারের তিক্ত স্বাদ পেতে হয়েছিল চিলির কাছে।

আর্জেন্টিনার সেরা একাদশ নিয়ে শুরু হয়ে গেছে গুঞ্জন। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম মুন্দো আলবিসেলেস্তে দাবি করছে ৯ জুন বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে খেলা একাদশকেই দেখা যাবে চিলির বিপক্ষে। তার মানে সেই ম্যাচ জিততে জিততে ২-২ গোলে ড্র করা আর্জেন্টিনা আজও পাবে না ফরোয়ার্ড ক্রিস্চিয়ান রোমেরোকে। তবে গোলকিপার ফ্রাঙ্কো আরমানির করোনামুক্ত হয়ে ফেরাটা আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির জন্য বড় স্বস্তির। সানচেজের অনুপস্থিতিতে চিলির হয়ে গোলের মূল দায়িত্বটা বর্তাচ্ছে এদুয়ার্দো ভার্গাসের ওপর। আর মেসিকে থামাতে সদা তৎপর থাকতে হবে অভিজ্ঞ ক্লাউদিও ব্রাভো, গ্যারি মেডেল ও মাউরিসিও ইসলাকে নিয়ে গড়া চিলির রক্ষণভাগকে।