রাজধানীর মালিবাগে দুটি যাত্রীবাহী বাসের চাপায় মেহেদী হাসান রানা (১৯) নামে এক তরুণ নিহত হয়েছে। গত সোমবার সন্ধ্যায় চৌধুরীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মেহেদী খুলনার সোনাডাঙ্গা উপজেলার আনিছুর রহমানের ছেলে। খুলনার একটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাসের পর চাকরির খোঁজে দুই বছর আগে ঢাকায় আসে সে।
হাতিরঝিল থানার এসআই মোহাম্মদ শাহজাহান জানান, তুরাগ পরিবহনের একটি বাসের যাত্রী ছিল মেহেদী। রামপুরাগামী বাসটি মালিবাগ ফ্লাইওভার থেকে চৌধুরীপাড়া নামার সময় জানালা দিয়ে মাথা বের করে রেখেছিল সে। তখন একই দিকগামী আকাশ পরিবহনের আরেকটি বাসের সঙ্গে ওই বাসটির পাশাপাশি সংঘর্ষ ঘটলে চাপা পড়ে ঘটনাস্থলেই মেহেদীর মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাস দুটি জব্দ করা গেলেও চালক ও সহকারীরা পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে।
এদিকে গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আবদুল খালেক (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। গত সোমবার রাত ১০টার দিকে সফিপুর আনসার একাডেমির সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আবদুল খালেক চাঁদপুরের ইব্রাহীমপুর সদর এলাকার মো. হাফেজ আলীর ছেলে।
কোনাবাড়ী হাইওয়ে পুলিশের ওসি মীর গোলাম ফারুক জানান, ঘটনার সময় সফিপুর আনসার একাডেমির সামনে সড়ক অতিক্রম করছিলেন আবদুল খালেক। এ সময় গাজীপুরগামী দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে খালেক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়। তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।