সিলেটের জকিগঞ্জে আরও একটি কূপে গ্যাসের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। গতকাল মঙ্গলবার উপজেলার আনন্দপুর গ্রামে সন্ধান পাওয়া ওই কূপটিতে ড্রিল স্টিম টেস্টের মাধ্যমে ‘সৌভাগ্য শিখা’ জ্বালাতে সক্ষম হয় বাপেক্স। এই ফিল্ড থেকে ৩২ কিলোমিটার দূরে বিয়ানীবাজার গ্যাসক্ষেত্র এবং ৪৬ কিলোমিটার দূরে গোলাপগঞ্জ গ্যাসক্ষেত্রের অবস্থান।
বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, ‘এখনই এ বিষয়ে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। যথাযথ অনুসন্ধান ও পর্যবেক্ষণের পর বলা যাবে এখানে উত্তোলনযোগ্য গ্যাস আছে কি না। গ্যাস পাওয়া গেলে এটা দেশের ২৮তম গ্যাসক্ষেত্র হবে। আনন্দপুরের এই কূপের অভ্যন্তরে ৬ হাজার পিএসআই চাপ রয়েছে। আর ফ্লোটিং চাপ রয়েছে ১৩ হাজার পিএসআই। প্রথম পর্যায়ে একটি স্তরে অনুসন্ধান চলছে। কূপটিতে মোট ৪টি স্তরে গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।’
বাংলাদেশে এখন পর্যন্ত ২৭টি গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রমতে, এসব গ্যাসক্ষেত্রে প্রমাণিত মজুদের পরিমাণ ২১ দশমিক ৪ টিসিএফ। আরও ৬ টিসিএফ রয়েছে সম্ভাব্য মজুদ। এর মধ্যে প্রায় সাড়ে ১৮ টিসিএফ উত্তোলন করা হয়েছে। সে হিসাবে প্রমাণিত মজুদ অবশিষ্ট রয়েছে মাত্র ৩ টিসিএফ। আর সম্ভাব্য মজুদ রয়েছে আরও ৭ টিসিএফের মতো।