স্কুলের বাথরুমে যুবকের রক্তাক্ত লাশ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের গুল্টা বাজার দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের বাথরুম থেকে পুলিশ বুধবার সকালে আব্দুল মতিন (৩৮) নামের এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে।

তিনি তালম পদ্মপাড়া গ্রামের ফজলার রহমানের ছেলে ও  পেশায় ইলেকট্রনিক মেকার।

এ বিষয়ে তাড়াশ থানার ওসি মো. ফজলে আশিক জানান,নিহত আব্দুল মতিন উপজেলার গুল্টা বাজারের ইলেকট্রনিকস সামগ্রী মেরামতের মেকার। গুল্টা বাজারে দোকান রয়েছে। মঙ্গলবার সারা দিন তিনি দোকানে কাজ করেন।

বুধবার সকালে গুল্টা বাজার দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের বাথরুমে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে এটা একটা হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।