‘ভোট ছাড়া নির্বাচিত চেয়ারম্যানদের উপস্থিতি কীভাবে আশা করেন’

‘চেয়ারম্যানরা আসে নাই কেন? ভোটে চেয়ারম্যান হয় নাই, তাই আসে নাই। যারা ভোট ছাড়া চেয়ারম্যান নির্বাচিত হয়েছে, তাদের উপস্থিতি কীভাবে আশা করেন!’ গতকাল বুধবার দুপুরে কুমিল্লার তিতাস উপজেলার সাতানি ইউনিয়নের উত্তর আকালিয়া গ্রামে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে কুমিল্লা-২ আসনের এমপি সেলিমা আহমাদ মেরী এসব কথা বলেন। অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার উপস্থিত না থাকায় এ মন্তব্য করেন তিনি।

এদিকে এ বক্তব্যের ভিডিও মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়। এমপির এ বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ও বলরামপুর ইউনিয়নের চেয়ারম্যান নুরনবী বলেন, ‘তিতাস উপজেলা আওয়ামী লীগ সুসংগঠিত বলেই নয়টি ইউনিয়নের আটটিতে নৌকা প্রতীকের প্রার্থীরা জয়লাভ করেছেন। বিজয়ী চেয়ারম্যানদের ও উপজেলা আওয়ামী লীগের শক্তিশালী ভূমিকায় আজকে যিনি এমপি নির্বাচিত হয়েছেন, তিনি কী করে এ কথা বলতে পারেন। কারণ একটাই, তিনি এখন অনুপ্রবেশকারীদের নিয়ে নিজস্ব বলয় তৈরি করতে ব্যস্ত।’তিতাস উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা শওকত আলী বলেন, ‘একজন এমপি কী করে এমন বক্তব্য দেন। বক্তব্যটি অবশ্যই সরকারের বিরুদ্ধে এবং দলের বিরুদ্ধে।’ সভায় উপস্থিত না থাকার বিষয়ে তিনি বলেন, ‘আলোচনা সভা, কর্মিসভা বা জনসভা যাই করুক, উপজেলা আওয়ামী লীগের সঙ্গে আলোচনা করে করার কথা; কিন্তু তিনি আমাদের বলেননি।’

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ম. রুহুল আমীন বলেন, ‘যদি এমনটা বলে থাকেন, তাহলে দুঃখজনক। বিষয়টি আমি ভালো করে খোঁজ নিচ্ছি।’ এ বিষয়ে বক্তব্য জানতে কুমিল্লা-২ আসনের এমপি সেলিমা আহমাদ মেরীর মোবাইল ফোনে কল করলে তিনি রিসিভ করেননি।