স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রিসোর্ট হোক কিংবা বার, যেখানেই আইন ভঙ্গ হবে সেখানেই ব্যবস্থা নিচ্ছে এবং নেবে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল বুধবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার-ভিডিপি অ্যাকাডেমিতে ২১তম ব্যাচ (পুরুষ) নবীন ব্যাটালিয়ন আনসারদের ছয় মাসের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে এ কথা বলেন মন্ত্রী। এ সময় তিনি নিখোঁজ ইসলামি বক্তা আবু ত্ব-হা আদনানের বিষয়েও কথা বলেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীন ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম। এ ছাড়া বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক, কমান্ড্যান্ট, উপমহাপরিচালক (প্রশাসন), উপমহাপরিচালকসহ (অপারেশনস) সদর দপ্তর ও অ্যাকাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৯৭৯ জন নবনিযুক্ত ব্যাটালিয়ন আনসার মৌলিক প্রশিক্ষণ গ্রহণ শেষে সমাপনী কুচকাওয়াজে অংশগ্রহণ করেন। কুচকাওয়াজের শুরুতেই প্রধান অতিথি একটি সুসজ্জিত খোলা জিপে প্যারেড পরিদর্শন করেন।
পরে আসাদুজ্জামান খান কৃতী ও চৌকস প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার প্রদান করেন। মৌলিক প্রশিক্ষণে সজীব মণ্ডল শ্রেষ্ঠ ড্রিল, মো. মহিউদ্দিন ফাহিম শ্রেষ্ঠ ফায়ারার এবং রাকিব আকন্দ চৌকস প্রশিক্ষণার্থী ব্যাটালিয়ন আনসার হিসেবে প্রথম স্থান অধিকার করেন।
পুরস্কার প্রদান শেষে প্রশিক্ষণার্থী নবীন ব্যাটালিয়ন আনসার সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ থেকে বাহিনীর সুনাম এবং ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করবেন। আপনারা দেশ এবং জাতির সার্বিক উন্নয়নে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হবেন। প্রশিক্ষণলব্ধ জ্ঞান, মেধা, শ্রম ও দক্ষতা কাজে লাগিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আপনারা অনন্য উচ্চতায় এগিয়ে নিয়ে যাবেন। সুশৃঙ্খল বাহিনীর গর্বিত সদস্য হিসেবে পেশাগত ক্ষেত্রে আত্মনিবেদিত থেকে একটি মর্যাদাসীন ও সুদৃঢ় অবস্থানে এই বাহিনীকে দাঁড় করাতে বলিষ্ঠ ভূমিকা রাখবেন।
এদিকে রংপুর থেকে ফেরার পথে রাজধানীর গাবতলী এলাকা থেকে গত বৃহস্পতিবার (১০ জুন) ইসলামি বক্তা আবু ত্ব-হা আদনান নিখোঁজ হন বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। নিখোঁজ হওয়ার পর তার স্ত্রী এবং মা রংপুর ও ঢাকায় এ বিষয়ে পুলিশকে লিখিত অভিযোগ দেন। নিখোঁজের ছয় দিন পার হলেও আবু ত্ব-হা আদনানের সন্ধান দিতে পারেনি পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও রংপুর জেলা পুলিশ বলছে, তারা কাজ করে যাচ্ছে।
এ বিষয়ে তিনি বলেন, ইসলামি বক্তা আবু ত্ব-হা আদনান ছয় দিন ধরে নিখোঁজ রয়েছেন বলে শুনেছি। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি।