চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ, আহত ৭

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম ও সাধারণ সম্পাদক সুভাষ মল্লিকের অনুসারী দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৭ জন। গতকাল বুধবার দুুপুর ১টার দিকে নগরীর চকবাজারের কেয়ারি মার্কেট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

সংঘর্ষে আহতরা হলেন, গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবু তোরাব, একই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাফায়েত হোসেন রাজু, ইংরেজি বিভাগের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল সাইমুন, ডিগ্রি শেষ বর্ষের শিক্ষার্থী আবদুল মালেক রুমি, ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সিরাজ, একই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফয়সাল, বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শিমু।

এ প্রসঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া দেশ রূপান্তরকে বলেন, চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের মারামারির ঘটনায় ৪-৫ জন হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসে। এর মধ্যে দুজন হাসপাতালের ক্যাজুয়েলিটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যায়।

এ প্রসঙ্গে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম দেশ রূপান্তরকে বলেন, ‘কোনো কারণ ছাড়াই কলেজে বহিরাগত ছেলেরা এসে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। আধিপত্য দেখানোর জন্য টিনুর ছেলেরা এ অনাকাক্সিক্ষত ঘটনা ঘটিয়েছে। এতে আমাদের চারজন আহত হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’

তবে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ দেশ রূপান্তরকে বলেন, সভাপতি মাহমুদুল করিম গ্রুপের ছেলেরা কলেজের শেরেবাংলা হোস্টেলে দিনেরাতে মাদক সেবন করে। প্রশাসনের নির্দেশনায় আমরা তাদের বাধা দিতে গেলে উল্টো আমাদের ছেলেদের ওরা মারধর করেছে। এতে তিনজন আহত হয়েছে। কলেজে আমরা ছাত্র রাজনীতি করি। রাজনীতি করে এ কলেজকে আমরাই ধরে রেখেছি। কলেজে অন্যায় যে করবে কাউকে ছাড় দেওয়া হবে না।