শফি চৌধুরীকে কারণ দর্শানোর নোটিস বিএনপির

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ায় দলের নির্বাহী কমিটির সদস্য শফি আহমেদ চৌধুরীকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে বিএনপি। গতকাল বুধবার বিষয় দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন দলের  কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

তিনি বলেন, ‘দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপ-নির্বাচনে প্রার্থী হওয়ায় তাকে কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছে। কেন দলীয় শৃঙ্খলা ভঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না সে জন্য তিন দিনের মধ্যে এ বিষয়ে জবাব দিতে তাকে বলা হয়েছে।’

গত মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বিএনপিদলীয় সাবেক সাংসদ এবং দলের নির্বাহী কমিটির বর্তমান সদস্য শফি আহমেদ চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। শফি আহমেদ চৌধুরী ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

সিলেট-৩ আসনে মোট ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন আওয়ামী লীগের হাবীবুর রহমান, জাতীয় পার্টির মোহাম্মদ আতিকুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া এবং স্বতন্ত্র প্রার্থীরা হলেন ফাহমিদা হোসেন, শফি আহমেদ চৌধুরী ও শেখ জাহিদুর রহমান মাসুম।

সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সভায় এ সরকারের অধীনে আর কোনো নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।