বিশ্ব শান্তি সূচকে ৭ ধাপ এগিয়েছে বাংলাদেশ

বৈশ্বিক শান্তি সূচকে গত বছরের তুলনায় সাত ধাপ এগিয়েছে বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস (আইইপি) বৈশ্বিক শান্তি সূচক-২০২১ প্রকাশ করেছে। সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শান্তিতে বাংলাদেশের অবস্থান তৃতীয়।

আইইপির তৈরি বিশ্ব শান্তির সূচকে গত বছর ৯৭তম অবস্থানে থাকলেও চলতি বছরে ২ দশমিক ০৬৮ স্কোর নিয়ে বাংলাদেশ ৯১তম স্থানে উঠে এসেছে। ১৬৩টি দেশের নাগরিকদের শান্তিপূর্ণ জীবনযাপনের নিরাপত্তা ও সুরক্ষা, অর্থনৈতিক মূল্য, ট্রেন্ড এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে নেওয়া পদক্ষেপের তথ্যের ওপর ভিত্তি করে এই সূচক তৈরি করে এবং তা প্রতি বছর প্রকাশ করে প্রতিষ্ঠানটি। চলতি বছর সহিংসতার অনুপস্থিতি অথবা সহিংসতার ভয়কে ধরে তিনটি মানদণ্ড সুরক্ষা ও নিরাপত্তা, চলমান সংঘাত এবং সামরিকায়নের ওপর ভিত্তি করে এই সূচক তৈরি করেছে আইইপি।

দক্ষিণ এশিয়া অঞ্চলে শান্তি সূচকে বরাবরের মতোই সবার ওপরে রয়েছে ভুটান। ১ দশমিক ৫১ পয়েন্ট নিয়ে বিশ্বের মধ্যে তাদের অবস্থান ২২ নম্বরে। এক্ষেত্রে অবশ্য গতবারের চেয়ে দুই ধাপ অবনতি হয়েছে দেশটির। দুই ধাপ নিচে নেমেছে নেপালও। ২ দশমিক ০৩৩ পয়েন্ট নিয়ে বিশ্বের মধ্যে ৮৫তম এবং দক্ষিণ এশিয়ার মধ্যে দ্বিতীয় নেপালিরা।

বাংলাদেশ তৃতীয় অবস্থানে উঠে আসার ক্ষেত্রে পেছনে ফেলেছে শ্রীলঙ্কাকে। শান্তির এই সূচকে গত বছরের তুলনায় একবারে ৭ লাফ দিয়ে শ্রীলঙ্কাকে পেছনে ফেলেছে বাংলাদেশ। শ্রীলঙ্কায় শান্তিপূর্ণ পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটায় এর প্রভাব পড়েছে সূচকেও। গত বছরের তুলনায় ১৯ ধাপ অবনতি ঘটেছে দেশটির; এবারের সূচকে তাদের বৈশ্বিক অবস্থান ৯৫তম। তবে দক্ষিণ এশিয়ায় চতুর্থ স্থানে রয়েছে শ্রীলঙ্কা।

দুই ধাপ অগ্রগতি হওয়ার পরেও ভারতের অবস্থান ১৩৫। শান্তি সূচকে তারা পেয়েছে ২ দশমিক ৫৫৩ পয়েন্ট। দক্ষিণ এশিয়ায় শান্তিপূর্ণ পরিস্থিতির অবনতি ঘটেছে পাকিস্তানে। গত বছরের তুলনায় দুই ধাপ অবনতি ঘটেছে দেশটির। এর ফলে ১৫০তম অবস্থানে নেমেছে পাকিস্তান। দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের অবস্থান ষষ্ঠ।

গতবারের মতো এবারও তালিকার একেবারে তলানিতে ঠাঁই হয়েছে আফগানিস্তানের। তাদের পয়েন্ট ৩ দশমিক ৬৩১। অপরিবর্তিত রয়েছে সবচেয়ে শান্তিপূর্ণ দেশের অবস্থানও। গত বছরের মতো এবারও তালিকার শীর্ষে আইসল্যান্ড। তারা পেয়েছে ১ দশমিক ১ পয়েন্ট। একধাপ এগিয়ে নিউজিল্যান্ড দ্বিতীয় এবং দুই ধাপ এগিয়ে ডেনমার্ক হয়েছে তৃতীয়। আর দুই ধাপ নিচে নামার পর পর্তুগালের অবস্থান দাঁড়িয়েছে চতুর্থ স্থানে। এরপর শীর্ষ দশে থাকা বাকি দেশগুলো হচ্ছে যথাক্রমে স্লোভেনিয়া, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, চেক প্রজাতন্ত্র ও কানাডা।

ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিসের এ সূচকে বলা হয়েছে, এই অঞ্চলে বাংলাদেশ এবং ভারতে সহিংসতার ভয়ের হার নিম্ন রয়েছে। তারপরও বাংলাদেশের ২৫ শতাংশ এবং ভারতের ২৩ শতাংশ মানুষ সহিংস অপরাধের ব্যাপারে খুবই উদ্বিগ্ন। এ ছাড়া এই অঞ্চলের দেশগুলোর মধ্যে সহিংসতার সর্বাধিক ভয় রয়েছে আফগানিস্তানে। দেশটির ৫৩ শতাংশ মানুষ সহিংসতার ব্যাপারে অত্যন্ত উদ্বিগ্ন।

সিডনিভিত্তিক আন্তর্জাতিক এই গবেষণা প্রতিষ্ঠান বলছে, গত বছর বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের স্কোর ২ দশমিক ১০২ থাকলেও চলতি বছরে তা ২ দশমিক ০৬৮। একই সঙ্গে গত বছরের তুলনায় চলতি বছরে ১ দশমিক ৬২ শতাংশ বেশি শান্তিপূর্ণ রয়েছে বাংলাদেশ।

২০২১ সালের এই সূচকে দেখা গেছে, বৈশ্বিক শান্তি সূচকে গড়ে ০ দশমিক ০৭ শতাংশ অবনতি ঘটেছে। স্বল্প পরিমাণে হলেও গত ১৩ বছরের মধ্যে নবমবারের মতো বৈশ্বিক শান্তি সূচকে অবনতি ঘটেছে বলে আইইপির প্রতিবেদনে জানানো হয়েছে।

বৈশ্বিক শান্তির এই সূচকে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা অঞ্চলে সবচেয়ে কম শান্তিপূর্ণ অঞ্চল রয়েছে। বিশ্বের সবচেয়ে কম শান্তিপূর্ণ প্রতি পাঁচটি দেশের মধ্যে অন্তত তিনটির অবস্থান এ দুই অঞ্চলে।