ময়মনসিংহে পুলিশ-ছাত্রদল সংঘর্ষ, আহত ২৬

ময়মনসিংহ মহানগরীর শম্ভুগঞ্জ এলাকার চরকালীবাড়িতে ছাত্রদলের সভাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, লাঠিচার্জ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরের এ ঘটনায় কোতোয়ালি মডেল থানা পুলিশের ৬ সদস্যসহ অন্তত ২৬ জন আহত হয়েছেন। এ সময় অন্তত ৮ জনকে আটক করা হয়েছে।

এদিকে গতকাল বিকেলে এ ঘটনার প্রতিবাদে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল বের করেন কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীরা। তবে পুলিশের বাধার কারণে প্রতিবাদ মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়।  

ময়মনসিংহে ছাত্রদলের কর্মসূচিতে পুলিশের হামলার বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাজেদুর রহমান বলেন, ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে চরকালীবাড়িতে একটি মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীর আলোচনা সভার আয়োজন করা হয়। এই সভায় বিনা উসকানিতে পুলিশ হামলা করে। লাঠিচার্জ ও গুলিবর্ষণ করে সভা পণ্ড করে দেয়। এ সময় বিএনপির প্রায় ২০ জন নেতাকর্মী আহত হন।’

তবে কোতোয়ালি থানার ওসি ফিরোজ তালুকদার বলেছেন, ‘করোনাকালে সরকারি বিধিনিষেধ অমান্য করে ছাত্রদল সমাবেশ করছে, এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশের ওপর অতর্কিতে হামলা চালায়। পুলিশ প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে গেলে পাল্টাপাল্টি ধাওয়া ও ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে দুজন পুলিশ পরিদর্শকসহ পুলিশের ছয় সদস্য আহত হন। পুলিশের আহত সদস্যদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে আটজনকে আটক করা হয়েছে।’

তিনি বলেন, ‘এ সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে ৮ জনকে আটক করা হয়েছে। এ সময় প্রায় ২০টি মোটরসাইকেল জব্দ করা হয়।’ 

নয়াপল্টনে ছাত্রদলের মিছিলে পুলিশের ধাওয়া : ময়মনসিংহে ছাত্রদলের কর্মসূচিতে বাধা দিয়ে তা প- করে দেওয়ার প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিকেলে প্রতিবাদ মিছিল করেছেন ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা। মিছিলে পুলিশ হামলা করেছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের জ্যেষ্ঠ সহসভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ বিভাগ ছাত্রদলের আলোচনা সভায় পুলিশ হামলা চালিয়েছে। সেখানে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবীব ও বর্তমান সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ নেতৃবৃন্দ আহত হয়েছেন। ওই ঘটনার প্রতিবাদে বিকেলে নয়াপল্টনে একটি ঝটিকা বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। এ সময় পেছন থেকে পুলিশ ধাওয়া দেয়। মিছিল থেকে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। এছাড়া আহত হয়েছেন অনেক নেতাকর্মী।’

তিনি বলেন, ‘প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদল নেতা হাফিজুর রহমান হাফিজ, মামুন হাসান, খন্দকার এনামুল হক এনাম, আমিনুর রহমান আমিন, সাইফ মাহমুদ জুয়েলসহ দুই শতাধিক নেতাকর্মী।’

এদিকে বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং কেন্দ্রীয় দপ্তরের চলতি দায়িত্বে থাকা সৈয়দ এমরান সালেহ প্রিন্স দেশ রূপান্তরকে বলেন, ‘ছাত্রদলের মিছিলে পুলিশ ধাওয়া করার পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ। যেকেউ বের হলেই তাকে গ্রেপ্তার করা হচ্ছে।’