প্রাইভেসি পলিসিতে পরিবর্তন আনছে হোয়াটসঅ্যাপ

বর্তমান প্রজন্মের কাছে হোয়াটসঅ্যাপ জনপ্রিয় যোগাযোগ মাধ্যম। যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তাদের জন্য নতুন খবর হলো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সচল রাখতে চাইলে হোয়াটসঅ্যাপের দেওয়া নতুন শর্তাবলি মানতে হবে।

গত বছরেই হোয়াটসঅ্যাপ কর্র্তৃপক্ষ জানিয়ে দিয়েছিল, পলিসিতে একগুচ্ছ পরিবর্তন নিয়ে আসতে যাচ্ছে এই ম্যাসেজিং অ্যাপ। সঙ্গে এও বলা হয়েছিল, যদি কোনো ব্যবহারকারী অ্যাপের প্রত্যেকটি শর্ত না মেনে নেয় তাহলে তাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে।

প্রথমে বলা হয়েছিল, হোয়াটসঅ্যাপের নতুন শর্ত ৪ ফেব্রুয়ারি ২০২১-এর মধ্যে মানতে হবে। নতুন প্রাইভেসি পলিসি প্রকাশের পর ব্যবহারকারীদের তোপের মুখে পড়েছিল তারা। তারপরই নতুন পলিসি চালু করার সময়কাল পিছিয়ে পরিস্থিতির সামাল দেওয়ার চেষ্টা করছে হোয়াটসঅ্যাপ। এরপর তিন মাস পর্যন্ত পিছিয়ে দেওয়া হয় নতুন পলিসি চালু হওয়ার সময়। গত ১৫ মে পর্যন্ত নতুন নীতি গ্রহণ করার সময়সীমা দিয়েছিল হোয়াটসঅ্যাপ। কিন্তু সেখানে দেখা যায়, যারা নতুন নিয়ম মানতে চান না তাদের অ্যাকাউন্ট ডিলিট করছে না হোয়াটসঅ্যাপ কর্র্তৃপক্ষ। ব্যবহারকারীদের নতুন আপডেটের জন্য অপেক্ষা করতে অনুরোধ করে কর্র্তৃপক্ষ। উল্লেখ করা দরকার, হোয়াটসঅ্যাপের পক্ষে কিছুদিন আগে জানানো হয় ব্যবহারকারীর তথ্য তাদের অধীনস্থ যেকোনো সংস্থা এমনকি ফেইসবুকেও শেয়ার হতে পারে। এর পাশাপাশি সব সময়ে ব্যবহারকারীর লোকেশন ডেটাও ট্র্যাক করতে পারবে অ্যাপটি। তারপরই সমস্যা দেখা দেয়। এই জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ ছেড়ে দিতে শুরু করে মানুষজন।