গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা থেকে টঙ্গীর পর্যন্ত ১৩ কিলোমিটার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজট এড়াতে রবিবার থেকে তিনটি ট্রেন চলবে। ট্রেন গুলো হচ্ছে- তুরাগ, কালিয়াকৈর ডেমু ও টাঙ্গাইল কমিউটার ট্রেন।
গাজীপুরের জয়দেবপুর জংশন স্টেশনের মাস্টার মো. রেজাউল ইসলাম এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, করোনা পরিস্থিতি ও লকডাউনের কারণে বন্ধ থাকা ট্রেনগুলোর মধ্যে রবিবার থেকে তুরাগ, কালিয়াকৈর ডেমু ও টাঙ্গাইল কমিউটার ট্রেন তিনটি চলাচল করবে।
প্রতিদিন সকাল ৭টা ১৫ মিনিটে তুরাগ ট্রেন ছেড়ে যাবে ঢাকার উদ্দেশে। আর ঢাকা থেকে তুরাগ ছাড়বে বিকেল ৫টা ২০ মিনিটে।
কালিয়াকৈর ডেমু ট্রেন গাজীপুর ছেড়ে যাবে বিকেল ৫টা ৩০ মিনিটে। পর দিন ঢাকা থেকে ছাড়বে দুপুর ১টা ৫০ মিনিটে।
টাঙ্গাইল কমিউটার ট্রেন সকাল ৮টা ২০ মিনিটে গাজীপুর থেকে ছেড়ে যাবে। আবার ঢাকা থেকে ছাড়বে সন্ধ্যা ৬টায়।
এদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত ১৩ কিলোমিটার সড়ক দ্রুত সংস্কার কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন সড়ক ও সেতু বিভাগের সচিব মো. আবু বকর সিদ্দিক।
শনিবার বিআরটি প্রকল্পের চলমান কাজ পরিদর্শনে এসে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা জানান।
আবু বকর সিদ্দিক বলেন, প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন যেকোনোভাবেই হোক এই জনদুর্ভোগ অতি দ্রুত দূর করতে হবে। সেজন্য নির্দেশ দিয়েছি আগামী দুই দিনের মধ্যে দিন-রাত ২৪ ঘণ্টা কাজ করে সমস্ত সংস্কার কাজ শেষ করতে।
তিনি বলেন, ‘দুজন ঠিকাদারকে নির্দেশ দিয়েছি- ১০ দিন কাজ করতে ৫০ জন করে যদি ৫০০ লোক লাগে, দু’দিনে যেন সে কাজটি করে ফেলে। যদি লোক না পান, আমাকে বলবেন আমি লোক দেব।’
রাজধানী ঢাকার পাশে গাজীপুর এবং উত্তরাঞ্চলসহ ৩৭টি জেলার যাত্রীদের ঢাকা প্রবেশের সময় চান্দনা চৌরাস্তা থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত ১৩ কিলোমিটার সড়কে তীব্র যানজটে পড়তে হয়।
এ অংশে বিআরটি প্রকল্পের উন্নয়নকাজ চলমান থাকায় আধা ঘণ্টার পথ অনেক সময় ৫-৬ ঘণ্টা লেগে যায়।
অব্যাহত যানজটের কারণে মানুষের দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে এ তিনটি ট্রেন সার্ভিস চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়।
গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের প্রচেষ্টায় এ ট্রেন সার্ভিসটি চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।