সদ্য ঘোষিত ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর ছাত্রলীগের কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে ছাত্রদলের এক নেতা স্থান পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। রায়হান রনি নামের ওই নেতা একই উপজেলার পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পদেও রয়েছেন। তবে নানা আলোচনা-সমালোচনার পর গতকাল শনিবার তাকে ছাত্রলীগের ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র রায়হান ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার আলফাডাঙ্গা মৌজার বাসিন্দা। জানা গেছে, গত ২৩ জানুয়ারি জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন ও সাধারণ সম্পাদক তানজিমুল হাসান ২১ সদস্যবিশিষ্ট আলফাডাঙ্গা পৌর ছাত্রদলের একটি আহ্বায়ক কমিটি অনুমোদন দেন। ওই কমিটির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক হিসেবে রায়হান রনির নাম রয়েছে। অপর দিকে গত ১২ জুন আলফাডাঙ্গা পৌর ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এর নাম ঘোষণা করে আংশিক কমিটি অনুমোদন করা হয়। ঘোষিত ওই পৌর কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবেও রয়েছে মোহাম্মদ রায়হান রনির নাম।
এ বিষয়ে রায়হান রনি এই প্রতিবেদককে বলেন, ছাত্রদলের রায়হান রনি আর তিনি এক ব্যক্তি না। জেলা ছাত্রলীগের সভাপতি তানজিদুল রশীদ রিয়ান জানান, ছাত্রদলের রায়হান রনি আর ছাত্রলীগের রায়হান রনি এক ব্যক্তি না।