গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা মেয়ের মৃত্যু

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বহুতল ভবনের একটি ফ্ল্যাটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর অগ্নিদগ্ধ হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেলে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সোনিয়া জান্নাত (২৫) নামে ওই নারীর মৃত্যু হয়। এরপর সন্ধ্যায় বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) দুই বছর বয়সী শিশু হুমাসা জান্নাত মারা যায়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপসহকারী পরিদর্শক (এএসআই) মো. আবদুল খান বলেন, বিকেলে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূ মারা যান। পরে সন্ধ্যা ৭টার দিকে বার্ন ইউনিটের আইসিইউতে শিশুটির মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, গতকাল সকালে শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের তামিশনা ফ্যাশন ওয়্যার লিমিটেডের সামনে দেলোয়ার হোসেনের বহুতল ভবনের পাঁচতলার পশ্চিম পাশের ফ্ল্যাটে এ অগ্নিকাণ্ড হয়। পরে অগ্নিদগ্ধ মা-মেয়েকে প্রথমে মাওনা চৌরাস্তার আল-হেরা মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখান থেকে তাদের ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

বাড়ির মালিক দেলোয়ার হোসেন জানান, বেলা সোয়া ১১টার দিকে ওই ফ্ল্যাটে বিস্ফোরণের পর আগুন লাগে। এরপর নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভানোর কাজ শুরুর পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

স্থানীয় একটি কারখানার কর্মকর্তা গোলাম মোস্তফা ওই ফ্ল্যাটে পরিবার নিয়ে ভাড়া থাকতেন। তার বাড়ি বাগেরহাটের কাফিলাবাগ গ্রামে।

আল-হেরা মেডিকেল সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক ডা. হুমায়ুন কবির জানান, দগ্ধদের হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। আগুনে মায়ের ৫০ শতাংশ ও শিশুকন্যার ৬০ শতাংশ দগ্ধ হয়েছে।

শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. রায়হান জানান, ধারণা করা হচ্ছে ঘরে থাকা গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত।