পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ

ঢাকা ব্যাংকের দুই কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা ব্যাংকের বংশাল শাখার ক্যাশ ইনচার্জ রিফাতুল হক ও ম্যানেজার (অপারেশন) এমরান আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের সহকারী পরিচালক আতিকুল আলম বাদী হয়ে গতকাল শনিবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি করেন। এতে ব্যাংকটির ওই দুই কর্মকর্তাকেই আসামি করা হয়েছে।

গত বৃহস্পতিবার ব্যাংকের অভ্যন্তরীণ অডিটে পৌনে চার কোটি টাকা আত্মসাতের প্রমাণ পাওয়ার পর ঢাকা ব্যাংক কর্র্তৃপক্ষ দুই কর্মকর্তাকে বংশাল থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ দণ্ডবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তার এক দিন পর ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা করল দুদক।

দুদকের করা মামলার এজাহারে বলা হয়েছে, ঢাকা ব্যাংকের প্রধান কার্যালয়ের আইসিসি ডিভিশনের ইন্টারন্যাল অডিট অ্যান্ড ইন্সপেকশন ইউনিটের একটি দল বার্ষিক নিরীক্ষা কার্যক্রমের অংশ হিসেবে গত ১৭ জুন ব্যাংকটির বংশাল শাখা পরিদর্শনে যায়। এ সময় ভল্টে থাকা নগদ টাকার হিসাব পরীক্ষা করে ৩ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা ঘাটতি পাওয়া যায়। তখন পরিদর্শনকারী দলের কর্মকর্তারা শাখাটির সিনিয়র অফিসার (ক্যাশ ইনচার্জ) রিফাতুল হককে জিজ্ঞাসাবাদ করলে তিনি এবং ম্যানেজার (অপারেশন) এমরান আহম্মেদ লোভের বশবর্তী হয়ে গত বছরের ২০ জুন থেকে চলতি বছরের ১৬ জুন পর্যন্ত ওই টাকা অল্প অল্প করে সরিয়েছেন বলে স্বীকার করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, রিফাতুল হক ২০১৮ সালের ১ অক্টোবর ক্যাশ ইনচার্জ হিসেবে যোগ দেন ওই ব্যাংকে। রিফাতুল হক এবং এফভিপি ম্যানেজার (অপারেশন) এমরান আহম্মেদের কাছে ভল্টের একটি চাবি থাকত। তারা যৌথভাবে ভল্টের রক্ষক। তারা পরস্পর যোগসাজশে টাকা আত্মসাৎ করেন।