দক্ষিণ আফ্রিকায় হুমায়ুন কবির তামিম (৩০) নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির গৌতেং প্রদেশের লেনেশিয়া শহরে এ ঘটনা ঘটে।
তামিম ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের মিদ্দাহাটের তাজমোহন পাটওয়ারী বাড়ির মৃত আবুল কাশেমের ছেলে।
নিহতের মামা আবদুল আউয়াল তানসেন জানান, চার বছর আগে ভাগ্নেকে তিনি দক্ষিণ আফ্রিকা এনে লেনেশিয়ায় নিজের দোকানে চাকরি দেন। প্রতিদিনের মতো শুক্রবার তামিম দোকানের কাউন্টারে কাজ করছিল। সন্ধ্যার দিকে ৭-৮ জনের সশস্ত্র দুর্বৃত্ত দোকানে হানা দিয়ে কর্মচারীদের জিম্মি করে। কাউন্টারে গ্রাহকদের সঙ্গে থাকায় তামিম বিষয়টি বুঝতে পারেনি। এ সময় গ্রাহকদের মধ্যে ছদ্মবেশে থাকা একজন তার বুকে তিনটি গুলি করে। এতে ঘটনাস্থলেই তামিমের মৃত্যু হয়। পরে দোকানের ক্যাশ ভেঙে নগদ টাকা ও মালামাল নিয়ে যায় দুর্বৃত্তরা।
তামিমের মৃত্যুর খবর আসার পর গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে।
ইয়াকুবপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুল জানান, তার এলাকার এক প্রবাসী দক্ষিণ আফ্রিকায় নিহত হয়েছেন। কয়েক দিনের মধ্যে লাশ দেশে আসবে বলে স্বজনরা জানিয়েছেন।