হালকা প্রকৌশল পণ্য রপ্তানি

বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, হালকা প্রকৌশল পণ্য রপ্তানি করা সম্ভব হলে বিপুল মানুষের কর্মসংস্থান হবে। রপ্তানি ক্ষেত্রে একক পণ্যে চাপ কমবে। দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পে লাইট ইঞ্জিনিয়ারিং সম্ভাবনাময় খাত বিবেচিত হওয়ায় সরকার এটি রপ্তানিমুখী করতে বিশেষ উদ্যোগ নিয়েছে।

গতকাল রবিবার বাণিজ্যমন্ত্রী ‘লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প উন্নয়ন নীতিমালা প্রণয়ন’বিষয়ক জাতীয় পর্যায়ে পরামর্শক কর্মশালায় এ কথা বলেন। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বিজনেস প্রমোশন কাউন্সিল এবং বাংলাদেশ লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির উদ্যোগে ভার্চুয়ালি এ পরামর্শক কর্মশালা হয়। কর্মশালায় বিষয়ের ওপর খসড়া নীতিমালা উপস্থাপন করেন বাংলাদেশ লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির কারিগরি অ্যাডভাইজার মোহাম্মদ হাবিবুর রহমান।

টিপু মুনশি বলেন, সুনির্দিষ্ট বিষয়ে কারিগরি দক্ষতাসম্পন্ন কর্মী বাহিনী সৃষ্টির মাধ্যমে লাইট ইঞ্জিনিয়ারিং খাতে বিপুল কর্মসংস্থান তৈরির পাশাপাশি নতুন পণ্য উৎপাদন ও পণ্য বহুমুখীকরণের মাধ্যমে রপ্তানি বাজার সম্প্রসারণ সম্ভব। তবে এ সম্ভাবনা কাজে লাগাতে সরকারি উদ্যোগের পাশাপাশি এ শিল্পের সবাইকে এগিয়ে আসতে হবে।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, দেশে বড় বাজার গড়ে ওঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পকে ‘বর্ষপণ্য-২০২০’ ঘোষণা করেছেন। অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে খাতটির উদ্বৃত্ত পণ্য রপ্তানি করা সম্ভব। লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পসহ আইসিটি, প্লাস্টিক, কৃষি ও চামড়াশিল্পকে রপ্তানি সক্ষম করে গড়ে তোলা হচ্ছে। এর মাধ্যমে দেশের রপ্তানি পণ্যের সংখ্যাও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।