পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স (আইএফআইসি) ব্যাংক বন্ড ছেড়ে বাজার থেকে ১০০০ কোটি টাকা তুলতে চায়। বেসরকারি খাতের ব্যাংকটি গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) তাদের পরিচালনা পর্ষদের এই সিদ্ধান্ত জানিয়েছে।
বাংলাদেশ ব্যাংক ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি অনুমতি দিলে তারা টাকা তুলতে পারবে। এই টাকা তুলে আইএফআইসি ব্যাংক তাদের মূলধন বাড়াবে। এ বিষয়ে ব্যাংকের সাধারণ শেয়ারহোল্ডারদের মতামত নিতে ২৬ আগস্ট বিশেষ সভা ডাকা হয়েছে। বিশেষ সভার রেকর্ড ডেট এ বছর ১৩ জুলাই।
বন্ডের ১ হাজার কোটি টাকার মধ্যে ৯০০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্টর মাধ্যমে বিক্রি করা হবে। আর ১০০ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের কাছে বিক্রি করবে আইএফআইসি ব্যাংক। সরকারি আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, সমবায় ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, সংগঠন, ট্রাস্ট ও স্বায়ত্তশাসিত করপোরেশন এই বন্ড প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে কিনতে পারবে। ‘পারপেচুয়াল’ এই বন্ডের কোনো নির্দিষ্ট মেয়াদ থাকবে না।