রাঙ্গামাটিতে টানা বর্ষণে পাহাড় ধসের শঙ্কা বাড়ছে। আর পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে প্রশাসন রাঙ্গামাটি পৌর এলাকায় ২৩টি আশ্রয়কেন্দ্র খুলেছে। কিন্তু প্রশাসনের শতচেষ্টার পরও ঝুঁকি নিয়ে বসবাসকারীদের আশ্রয়কেন্দ্রে নিতে বেগ পেতে হচ্ছে। ঝুঁকি জানার পরও আশ্রয়কেন্দ্রে যেতে নারাজ তারা। তবে গতকাল রবিবার বিকেলের মধ্যে ঝুঁকিপূর্ণ স্থান থেকে সরে না এলে প্রশাসন কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েছে। এর আগে ২০১৭ সালে রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১২০ ও ২০১৮ সালে ১১ জনের মৃত্যু হয়।
গতকাল সকাল থেকে শহরের রূপনগর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সেখানকার বাসিন্দাদের নিরাপদ স্থানে নিয়ে যেতে আহ্বান জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। এ সময় জেলা প্রশাসনকে সহযোগিতা করে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্টের সদস্যরা।
রেড ক্রিসেন্ট ও স্বেচ্ছাসেবকরা বলছে, বসবাসকারীদের আশ্রয়কেন্দ্রে আসতে বারবার বলার পরও বিভিন্নভাবে তারা টালবাহানা করছে।
রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন বলেন, ‘ঝুঁকিতে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ করছি। অনেকে আসছে, আবার অনেকে আসছে না। গতকাল বিকেলের মধ্যে ঝুঁকিপূর্ণ স্থান থেকে কেউ যদি সরে না আসে তাহলে আইন প্রয়োগ করতে বাধ্য হব আমরা।’