সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ২ শিশুসন্তান ও অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা মামলায় গ্রেপ্তার স্বামী হিফজুর রহমানকে রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল রবিবার হিফজুর রহমানকে গোয়াইনঘাট আমলি আদালতে হাজির করে পুলিশ ৭ দিনের রিমান্ডের আবেদন জানায়। শুনানি শেষে বিচারক অঞ্জন কান্তি দাস ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। গোয়াইনঘাট থানার ওসি আবদুল আহাদ বলেন, ‘এখন পর্যন্ত পাওয়া তথ্য বিশ্লেষণ করে আমরা মোটামুটি নিশ্চিত হিফজুর রহমানই তার স্ত্রী ও দুই সন্তানকে কুপিয়ে হত্যা করেছে। এখন রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তার কাছ থেকে সব তথ্য উদঘাটন করা হবে।’
গত বুধবার সকালে গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের বিন্নাকান্দি গ্রামের নিজ ঘর থেকে হিফজুর রহমানের (৩৫) অন্তঃসত্ত্বা স্ত্রী আলিমা বেগম (৩০), তাদের দুই সন্তান মিজান (১০) ও তানিশা (৩)-এর লাশ উদ্ধার করা হয়। লাশগুলোতে ধারালো অস্ত্রের একাধিক কোপ ছিল। ওই ঘর থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয় হিফজুর রহমানকে। চিকিৎসায় সুস্থ হওয়ার পর গত শনিবার হিফজুরকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ওইদিন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন সংবাদ সম্মেলন করে জানান, হিফজুরকে জিজ্ঞাসাবাদ এবং আনুষঙ্গিক অন্য তথ্য-উপাত্তে পুলিশের ধারণা হিফজুরই নিজের স্ত্রী-সন্তানকে হত্যা করেছেন। এরপর ঘটনা ভিন্ন খাতে নিতে তিনি নিজের শরীরে কিছু জখম করেছেন। পুলিশের জিজ্ঞাসাবাদে হিফজুর ইতিমধ্যে স্বীকার করেছেন, ‘স্বপ্নে মাছ মনে করে দা দিয়ে তিনি স্ত্রী-সন্তানদের কুপিয়েছেন।’