ভারতের বিহার রাজ্যের এক নারীকে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে পৃথক দুই কোম্পানির করোনাভাইরাস টিকা দেওয়া হয়েছে। বিহারের পাটনা জেলার পুনপুন ব্লকের আওয়াধপুর গ্রামের বাসিন্দা সুনীলা দেবী (৬৩) গত বুধবার একটি স্কুলে বসানো স্বাস্থ্য শিবিরে টিকা নিতে গিয়েছিলেন, সেখানেই তাকে পাঁচ মিনিটের ব্যবধানে কভিশিল্ড ও কোভ্যাকসিন টিকা দেওয়া হয় বলে জানিয়েছে এনডিটিভি।
সেদিন ওই স্বাস্থ্য কেন্দ্রে তাকে প্রথমে কভিশিল্ড টিকা দেওয়া হয়, পরে কোভ্যাকসিন টিকা দেওয়া হয়। বলা হচ্ছে, তাকে ‘ভুল করে’ পরপর দুবার দুই কোম্পানির টিকা দিয়ে দেওয়া হয়েছে। ঘটনার পর থেকে তাকে একটি মেডিকেল টিমের পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে সুনীলা দেবী এখন পর্যন্ত সুস্থ আছেন বলে জানিয়েছে চিকিৎসা কর্মকর্তা সঞ্জয় কুমার।
ওই স্কুলের একটি রুমে এক লাইনের লোকদের কভিশিল্ড ও অন্য লাইনের লোকদের কোভ্যাকসিন দেওয়া হচ্ছিল আর রুমের বাইরে সবার নাম নথিবদ্ধ করা হচ্ছিল। একজন গ্রামবাসী দ্য হিন্দুকে বলেছেন, ‘নাম নথিবদ্ধ করার পর ওই নারী রুমে প্রবেশ করে লাইনে দাঁড়িয়ে কভিশিল্ড টিকা নেন, চলে যাওয়ার আগে তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হয়েছিল। তিনি পাঁচ মিনিটের মতো অপেক্ষা করার পর আরেক লাইনে গিয়ে দাঁড়ানোর পর তাকে কোভ্যাকসিন টিকা দেওয়া হয়।’