দেশের চারদিকে অন্ধকার দেখছেন মির্জা ফখরুল

দেশের চারদিকে ভয়াবহ অন্ধকার দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল রবিবার জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদের উদ্যোগে ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে’ আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘চারদিকে শুধু অন্ধকার দেখতে পাচ্ছি। এর বাইরে কিছুই দেখতে পাচ্ছি না। এর মধ্যে জিয়াউর রহমান খুব প্রাসঙ্গিক। এজন্য আমাদের জিয়াউর রহমানকে সামনে নিয়ে আসতে হবে। তাহলেই আলোর পথ দেখতে পাব।’

বর্তমান সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করছেএমন অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করছে, লুট করছে এবং লুটপাটের রাজত্ব কায়েম করেছে। আর মেগা প্রকল্প করে গণলুট চলছে। ১০ হাজার কোটি টাকার প্রকল্প হয়ে যাচ্ছে ৫০ হাজার কোটি টাকার।

ফখরুল আরও অভিযোগ করেন, মহামারী করোনায় এখন পর্যন্ত টিকার কোনো নিশ্চয়তা নেই। এটার নিশ্চয়তা হবেও না। কারণ যারা স্বাস্থ্য খাতের সঙ্গে জড়িত তারা সবাই দুর্নীতিতে জড়িয়ে গেছে। এত বড় দুর্নীতি করেছে যে, মানুষের জীবনকে তারা মূল্যহীন করে ফেলেছে। আজকে দেশে মানুষের জীবনের কোনো মূল্য এমনকি নিরাপত্তাও নেই। খবরের কাগজ খুললেই দেখবেন গুম ও হত্যার ঘটনা।

রাজধানীতে মা ও বোনকে খুন করার ঘটনা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, দেশে গণতন্ত্র নেই বলেই সমাজব্যবস্থা নেই। জবাবদিহিতা নেই। এই অবস্থা থেকে ফিরিয়ে আনার দায়িত্ব বিএনপির বলে আমরা মনে করি। আর বিএনপিকে সাহায্য ও সহযোগিতা আপনাদেরই করতে হবে, যাতে করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি।

আয়োজক সংগঠনের চেয়ারম্যান আবদুল কুদ্দুসের সভাপতিত্বে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কবি আবদুল হাই শিকদার প্রমুখ বক্তব্য রাখেন