লন্ডন ইন্টারব্যাংক অফার্ড রেট (লাইবর) পরিবর্তনের প্রেক্ষাপটে স্বল্পমেয়াদি বাণিজ্যিক অর্থায়নের সুদহার নির্ধারণে নীতিমালা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন এই ব্যবস্থাপনায় মুদ্রাভিত্তিক বেঞ্চমার্ক ও রিস্ক প্রিমিয়ামের সঙ্গে ৩.৫০ শতাংশ মার্কআপ সুদ যোগ করে নতুন সুদহার নির্ধারণের নির্দেশনা দেওয়া হয়েছে। এতে লাইবর প্রথার থেকে তুলনামূলক কম সুদে বিদেশি ঋণ নিতে পারবেন স্থানীয় উদ্যোক্তারা।
নতুন নির্দেশনা অনুযায়ী, মুদ্রাভিত্তিক ঝুঁকিমুক্ত বেঞ্চমার্ক রেট হিসেবে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকের প্রকাশিত হার অনুযায়ী শূন্য দশমিক শূন্য ১ শতাংশের সঙ্গে মার্কআপ ৩.৫০ শতাংশের ওপর বার্ষিক ২.৫০ শতাংশ হারে ঝুঁকি প্রিমিয়াম যোগ করে নতুন সুদহার নির্ধারিত হবে। এতে ৬ মাস মেয়াদি ঋণের সুদ পড়বে সর্বোচ্চ ৩.৬০ শতাংশ। প্রচলিত লাইবর অনুযায়ী এ ধরনের ঋণের সুদহার দাঁড়াত ৩.৬০ শতাংশ।
গতকাল সোমবার এ বিষয়ে একটি সার্কুলার জারি করে সংশ্লিষ্ট সব অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে অবহিত করে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ। আন্তর্জাতিক বাজার ব্যবস্থা থেকে লাইবর হার প্রত্যাহারের পরে স্বল্পমেয়াদি বাণিজ্যিক অর্থায়নে বিকল্প সূচক হারের প্রয়োগের জন্য এ নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক।
এতে বলা হয়, যুক্তরাজ্যের আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা ফিন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটি’র সিদ্ধান্ত অনুসারে বেঞ্চমার্ক হার হিসেবে লাইবরের প্রয়োগ ২০২১ সালের পর প্রত্যাহার করা হবে। লাইবরের সূচক ঘোষণা সম্পূর্ণরূপে জুলাই ২০২৩ থেকে প্রত্যাহার করা হবে। তবে ২০২২ সালের পরে অর্থায়নের সুদহার নির্ধারণে লাইবরের পরিবর্তে নতুন বেঞ্চমার্ক হারের প্রয়োগ হবে। একইসঙ্গে লাইবর প্রত্যাহারের আগে লাইবর ভিত্তিতে গৃহীত সব ধরনের অর্থায়নের সুদ নতুন বেঞ্চমার্ক রেটে স্থানান্তর করতে হবে।
বিদ্যমান নীতি অনুযায়ী স্বল্পমেয়াদি অর্থায়নে ৬ মাসভিত্তিক লাইবরের (বর্তমানে শূন্য দশমিক ১৫ শতাংশ) সঙ্গে ৩.৫০ শতাংশ মার্কআপ যুক্ত করে বার্ষিক সুদহার নির্ধারিত হয়।
সার্কুলারে লাইবরের পাশাপাশি যে মুদ্রায় অর্থায়ন করা হবে সে মুদ্রায় প্রযোজ্য বেঞ্চমার্ক হারের সঙ্গে নির্দেশিত মার্কআপ যুক্ত করে রপ্তানি বিল ডিসকাউন্টিং কিংবা মেয়াদপূর্তির আগেই রপ্তানি মূল্য প্রত্যাবাসনের সুযোগ দেওয়া হয়েছে।
এছাড়া নতুন নীতিমালায় ৬ মাসের নির্ধারিত মেয়াদের পরিবর্তে অর্থায়নের সময়কালের ভিত্তিতে বেঞ্চমার্ক হার প্রয়োগের সুবিধা রাখা হয়েছে। পাশাপাশি মেয়াদভিত্তিক (যেমন- ৩ মাস বা ৬ মাস মেয়াদি) বেঞ্চমার্ক হারের অনুপস্থিতিতে রপ্তানি বিলের বিপরীতে অগ্রিম মূল্য পরিশোধের তারিখের আগের সংশ্লিষ্ট সময়কালের কম্পাউন্ডিং পদ্ধতিতে আগাম সুদহার হিসাবায়ন করা যাবে বলে নীতিমালায় উল্লেখ রয়েছে। তাছাড়া শরিয়াহভিত্তিক অর্থায়নে প্রচলিত ইসলামি শরিয়াহভিত্তিক হার প্রয়োগ করা যাবে।
প্রণীত নীতিমালাটি বায়ার্স বা সাপ্লায়ার্স ক্রেডিটের আওতায় গৃহীত স্বল্পমেয়াদি আমদানি অর্থায়নের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। আমদানি বাণিজ্যেও অর্থায়নের ক্ষেত্রে মেয়াদভিত্তিক (যেমন- ৩ মাস বা ৬ মাস মেয়াদি) বেঞ্চমার্ক হারের অনুপস্থিতিতে সংশ্লিষ্ট সময়কালের জন্য কম্পাউন্ডিং পদ্ধতিতে বকেয়াভিত্তিক সুদহার হিসাবায়ন করা যাবে বলে নীতিমালায় উল্লেখ রয়েছে।
একইসঙ্গে লাইবার প্রত্যাহারকালের আগে লাইবর ভিত্তিতে গৃহীত ঋণ বিদেশি ঋণদাতার সঙ্গে সমঝোতার ভিত্তিতে মুদ্রাভিত্তিক বেঞ্চমার্ক রেটে রূপান্তর করা যাবে। নীতিমালায় লাইবর রহিতকরণের সিদ্ধান্ত প্রকাশিত হওয়ার পরে লাইবরভিত্তিক অর্থায়ন ব্যবস্থা থেকে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংককে বিরত থাকার নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক।