হেফাজতের সাবেক যুগ্ম সম্পাদক নাসির উদ্দীন মুনির আটক

চট্টগ্রামের হাটহাজারী থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশের সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম সম্পাদক ও হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাসির উদ্দীন মুনিরকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা পুলিশের পরিদর্শক কেশব চক্রবর্তী জানিয়েছেন, গতকাল সোমবার বিকেলে হাটহাজারী পৌর সদর থেকে তাকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২৬-২৮ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের প্রতিবাদে ঢাকার বায়তুল মোকাররম মসজিদ এলাকায় প্রতিবাদের জের ধরে হাটহাজারীতে ছড়িয়ে পড়া  সহিংসতার ঘটনায় হাটহাজারী ডাকবাংলো, সদর তহশীল অফিস, সহকারী কমিশন ভূমি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় হাটহাজারী থানায় আলাদা তিনটি মামলা হয়। মামলায় ১৪৯ জনের নামোল্লেখসহ অজ্ঞাত পরিচয় ৩-৪শ জনকে আসামি করা হয়েছে। মামলায় হেফাজত আমির জোনায়েদ বাবুনগরী, বিএনপি নেতা মীর হেলাল, উপজেলা জামায়েতের আমিরকেও আসামি করা হয়েছে। মামলায় নাসির উদ্দীন মুনিরের নামও রয়েছে। মামলার আসামি হিসেবে তাকে আটক করা হয়েছে।