লেখার পাশাপাশি মাইক্রোসফট ওয়ার্ডে অডিও ট্রান্সক্রিপশন সুবিধা সংযুক্ত হয়েছে। অডিও ট্রান্সক্রিপশনের মাধ্যমে যেকোনো অডিও স্বয়ংক্রিয়ভাবে লেখায় পরিণত হবে। সুবিধাটি আপাতত অনলাইনে পাবেন মাইক্রোসফট ৩৬৫ সাবস্ক্রাইবাররা।
অডিও ট্রান্সক্রিপশনের জন্য মাইক্রোসফট ওয়ার্ডের অনলাইন সংস্করণে রেকর্ড করা অডিও ফাইলটি আপলোড করতে হবে। এ ছাড়া অডিও ক্লিপ আপলোডের পাশাপাশি যেকোনো ব্যবহারকারীর কথা সরাসরি রেকর্ডও করা যাবে। মাইক্রোফোন দিয়ে বলা যেকোনো কথা ট্রান্সক্রিপটেড হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে। সাংবাদিক ও শিক্ষার্থীদের কথা
মাথায় রেখে সুবিধাটি সংযুক্ত করা হয়েছে বলে জানায় মাইক্রোসফট। সাংবাদিকরা সাক্ষাৎকার সংগ্রহ করার সুবিধার্থে লেখার পরিবর্তে অডিও রেকর্ড করে। পরে সেই রেকর্ড করা অডিও ক্লিপ শুনে শুনে পুরো সংবাদ তৈরি করে। শিক্ষার্থীরা ক্লাসের লেকচার রেকর্ডের পর তা ব্যবহার করে।
এখন আর রেকর্ড করা অডিওটি বারবার শুনে লেখার প্রয়োজন হবে না। মাইক্রোসফট ওয়ার্ডে এখন থেকে রেকর্ড করা অডিও আপলোড করে দিলে তা স্বয়ংক্রিয়ভাবে লিখিতরূপে পাওয়া যাবে। এর মাধ্যমে ২০০ এমবি পর্যন্ত অডিও ফাইল আপলোড করা যাবে। মাইক্রোসফট ৩৬৫ সাবস্ক্রাইবাররা প্রতি মাসে ৫ ঘণ্টা বা ৩০০ মিনিট অডিও আপলোড করতে পারবেন। তবে মাইক্রোসফট ওয়ার্ডে সরাসরি অডিও রেকর্ডের ক্ষেত্রে কোনো সময়সীমা থাকছে না। বর্তমানে শুধু ইংরেজি কনভারসেশন কনভার্ট করা যাবে এই সুবিধার মাধ্যমে। শিগগিরই অন্যান্য ভাষাও সংযুক্ত করা হবে বলে জানিয়েছে মাইক্রোসফট।