ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বাগুটিয়া গ্রামে করোনায় আক্রান্ত হয়ে নুরুল ইসলাম (৬৫) ও তার স্ত্রী রাহেলা বেগম (৫৩) মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে দিকে তারা মারা যান। এ ছাড়া করোনায় আক্রান্ত হয়েছেন তাদের মেয়ে। তারা শৈলকুপা উপজেলার বাগুটিয়া গ্রামের বাসিন্দা।
ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান জানান, স্বামী নুরুল ইসলামসহ পরিবারের তিন সদস্য বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। তারা বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। মঙ্গলবার সকালে রাহেলা বেগমের অবস্থার অবনতি হলে তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
তিনি আরো বলেন, একই সময়ে স্বামী নুরুল ইসলামকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে তিনিও মারা যান।
আব্দুল হামিদ বলেন, তারা কৃষক পরিবার ছিলেন। মৃত্যুর পর জেলা প্রশাসকের নির্দেশে শৈলকুপা উপজেলা দাফন কমিটির নেতৃত্বে স্থানীয় গোরস্থানে বিকাল ৪টার দিকে তাদের দাফন করা হয়।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন বলেন, মৃত্যুর পর তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। তাদের করোনা পজেটিভ এসেছে। তাদের মেয়ে লিয়া খাতুনেরও করোনা পজেটিভ এসেছে। সে বাড়িতে করোনার চিকিৎসা নিচ্ছে।