করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় গতকাল মঙ্গলবার রাত ১২টার পর ঢাকা থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে রেলপথ মন্ত্রণালয়। পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেন চালু হবে ৩০ জুনের পর। গতকাল রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নুরুল ইসলাম সুজন বলেছেন, ‘মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর ঢাকা থেকে কোনো যাত্রীবাহী ট্রেন চলবে না এবং ঢাকায়ও কোনো যাত্রীবাহী ট্রেন প্রবেশ করবে না। সংক্রমণ পরিস্থিতি স্বাভাবিক হলে ৩০ জুন মধ্যরাত থেকে বা সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ট্রেন চলাচল আবার স্বাভাবিক করা হবে।’
এর আগে গতকাল দুপুরে মহামারীর বিস্তার রোখে কঠোর নিষেধাজ্ঞা জারি করা জেলাগুলোর মধ্যে চলাচলকারী পাঁচটি ট্রেন বাতিল এবং খুলনাগামী সব যাত্রীবাহী ট্রেন যশোর পর্যন্ত চলাচল করবে বলে জানিয়েছিল রেলপথ মন্ত্রণালয়।
রেলপথ মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ট্রেন চলাচলকারী গাজীপুর, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, গোপালগঞ্জ জেলাগুলোতে লকডাউন ঘোষণা করায় ২২ জুন থেকে আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত গাজীপুর জেলার মধ্যে চলাচলরত তুরাগ এক্সপ্রেস ও কালিয়াকৈর কমিউটার ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়া গাজীপুরের মধ্যে অবস্থিত সব স্টপেজ লকডাউন থাকা পর্যন্ত বাতিল থাকবে এবং আন্তঃনগর ট্রেন থামবে না। গোপালগঞ্জ-রাজশাহীর মধ্যে চলাচলকারী টুঙ্গিপাড়া এক্সপ্রেস, খুলনা-রাজবাড়ীর মধ্যে চলাচলকারী নকশীকাঁথা এক্সপ্রেস ও রাজবাড়ী-ভাঙ্গা-রাজবাড়ীর মধ্যে চলাচলকারী রাজবাড়ী এক্সপ্রেস বাতিল করা হয়েছে। এছাড়া খুলনাগামী চলাচলকারী সব যাত্রীবাহী ট্রেন যশোর পর্যন্ত চলাচল করবে।
করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় ঢাকা বিভাগের সাত জেলায় আগামী নয় দিন জরুরি পরিষেবা ছাড়া সব ধরনের কার্যক্রম ও চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।
গত সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের এক আদেশে বলা হয়, মঙ্গলবার সকাল ৬টা থেকে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ এই বিধিনিষেধের আওতায় থাকবে।