চট্টগ্রামে করোনাভাইরাসের সংক্রমণ আরও বেড়েছে। বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন ২৩৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এই সময়ে করোনায় ৩ রোগীর মৃত্যু হয়েছে।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, নগরীর আটটি ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে গতকাল মঙ্গলবার চট্টগ্রামের ১ হাজার ৭১ জনের নমুনা পরীক্ষা করে ২৩৬ জন পজিটিভ পাওয়া যায়। সংক্রমণ হার ২২ দশমিক ০৩ শতাংশ।
এর মধ্যে শহরের বাসিন্দা ১৪৫ জন ও এগারো উপজেলার ৯১ জন।
উপজেলায় আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ ফটিকছড়িতে ২২ জন, হাটহাজারীতে ২১ জন, সীতাকুন্ডে ১৮ জন, মিরসরাইয়ে ১৫ জন, রাঙ্গুনিয়া, রাউজান ও আনোয়ারায় ৩ জন করে, পটিয়া ও বোয়ালখালীতে ২ জন করে এবং সাতকানিয়া ও সন্দ্বীপে একজন করে রয়েছেন।
জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ৫৬ হাজার ৬৩৩ জন। সংক্রমিতদের মধ্যে শহরের বাসিন্দা ৪৪ হাজার ৫০৪ জন ও গ্রামের ১২ হাজার ১২৯ জন।
গতকাল করোনায় শহরের একজন ও গ্রামের দু’জন মারা যান। ফলে মৃতের সংখ্যা বেড়ে এখন ৬৬৫ জন হয়েছে। এতে শহরের বাসিন্দা ৪৬৪ জন ও গ্রামের ২০১ জন। সুস্থতার ছাড়পত্র পেয়েছেন নতুন ১৬৯ জন। ফলে মোট আরোগ্য লাভকারীর সংখ্যা ৪৮ হাজার ৩৭৪ জনে উন্নীত হয়েছে।