স্পট মার্কেট থেকে তরলিকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করতে জাপান, সিঙ্গাপুর, যুক্তরাজ্য এবং দুবাইয়ের চার প্রতিষ্ঠানের সঙ্গে মাস্টার সেল অ্যান্ড পারচেজ অ্যাগ্রিমেন্ট বা মিলিত ক্রয়-বিক্রয় চুক্তির (এমএসপিএ) সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতিষ্ঠান চারটির মধ্যে রয়েছেÑ জাপানের ইটোচু করপোরেশন, সিঙ্গাপুরের গানভোর সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড, যুক্তরাজ্যের টোটাল গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড এবং দুবাইয়ের শেল ইন্টারন্যাশনাল ট্রেডিং মিডল ইস্ট লিমিটেড।
গতকাল বুধবার অনুষ্ঠিত অর্থনৈতিকবিষয়ক সংক্রান্ত ও সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ চার প্রতিষ্ঠানের সঙ্গে এমএসপিএ সইয়ের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি এ সভা হয়।
সভা শেষে অর্থমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. সামসুল আরেফিন ভার্চুয়ালি ব্রিফিং করেন। সভায় ১ হাজার ৩৯ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে ১৫টি ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি। এবারের সভায় বেশ কয়েকটি পুরনো প্রকল্পে কাজ বেড়ে যাওয়ায় অতিরিক্ত ব্যয় প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।
সভা শেষে ব্রিফিংয়ে জানানো হয়, জ¦ালানি ও খনিজসম্পদ বিভাগের অধীনে পেট্রোবাংলা স্পট মার্কেট থেকে এলএনজি আমদানি করবে। এ লক্ষ্যে জাপানের ইটোচু করপোরেশন, সিঙ্গাপুরের গানভোর সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড, যুক্তরাজ্যের টোটাল গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড এবং দুবাইয়ের শেল ইন্টারন্যাশনাল ট্রেডিং মিডল ইস্ট লিমিটেডের সঙ্গে এমএসপিএ করা হবে। এই এমএসপিএ সই করার বিষয়ে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভা শেষে অর্থমন্ত্রী বলেন, অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৮তম এবং সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২২তম সভা হয়েছে। অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য একটি এবং ক্রয় কমিটির অনুমোদনের জন্য ১৬টি প্রস্তাব উত্থাপন করা হয়।
তিনি বলেন, মোট অর্থায়নের মধ্যে জিওবি থেকে ব্যয় হবে ৬৩৫ কোটি ৫৩ লাখ ৭৯ হাজার ৩৩২ টাকা এবং বিশ্বব্যাংক, এডিবি, এএফডি, ইআইবি ও ডানিডা হতে ঋণ ৪০৩ কোটি ৮৫ লাখ ৫৩ হাজার ৫৩৬ টাকা। অনুমোদিত প্রস্তাবগুলোর বিস্তারিত তথ্য জানাবেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব।
সামসুল আরেফিন বলেন, ঢাকা ওয়াসার ‘সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্প (ফেজ-৩)’-এর কম্পোনেন্ট-১ এবং ৩-এর বাস্তবায়নে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগে ১৬৯ কোটি ৩৫ লাখ টাকায় নিয়োগ প্রস্তাব পাস হয়েছে। তিনি বলেন, সভায় ‘র্যাবের কারিগরি ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিকরণ’ প্রকল্পের আওতায় ‘জিএসএম ইউএমটিএস ভেহিকুলার অ্যাকটিভ সাপোর্ট সিস্টেম ক্রয়ের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এতে ব্যয় হবে ২৯ কোটি ৬৪ লাখ ৩৯ হাজার ৬০০ টাকা।
অতিরিক্ত সচিব বলেন, ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য সিগন্যালিংসহ রেললাইন সংস্কার ও নির্মাণ’ প্রকল্পের প্যাকেজ নং-ডব্লিউডি-১-এর পূর্ত কাজ যৌথভাবে জিপিটি, এসইলি এবং সিসিসিএলকে ২৯৭ কোটি ৫৫ লাখ ৭৪ হাজার ৫০০ টাকায় নিয়োগ দেওয়া হয়। তিনি বলেন, ভারত থেকে আরও ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। মেসার্স ভাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট, ইন্ডিয়ার কাছ থেকে প্রতি মেট্রিক টন ৩৯৯.৯০ মার্কিন ডলার হিসেবে সর্বমোট ১ কোটি ৯৯ লাখ ৯৫ হাজার মার্কিন ডলার সমপরিমাণ বাংলাদেশি মুদ্রায় ব্যয় হবে ১৬৯ কোটি ৫৫ লাখ ৭৬ হাজার টাকা।
সামসুল আরেফিন বলেন, সিসিজিপি সভার অনুমোদনক্রমে ‘যশোর-বেনাপোল জাতীয় মহাসড়ক যথাযথ মানে ও প্রশস্ততায় উন্নীতকরণ’ প্রকল্পের প্যাকেজ নং-ডব্লিউপি-০১-এর পূর্ত কাজ ক্রয়ে প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বলেন, সিসিজিপি সভার অনুমোদনক্রমে ‘যশোর-বেনাপোল জাতীয় মহাসড়ক যথাযথ মানে ও প্রশস্ততায় উন্নীতকরণ’ প্রকল্পের প্যাকেজ ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে, এতে ব্যয় হবে ১৩৭ কোটি ২৬ লাখ টাকা। ‘সৌরবিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে কৃষি সেচ’ প্রকল্পের ক্রয় প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৪০ কোটি ৯৭ লাখ টাকা।