প্রথমে অ্যাস্ট্রাজেনেকা পরে মডার্নার টিকা নিলেন মেরকেল

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল করোনাভাইরাস ভ্যাকসিনের প্রথম ডোজ অ্যাস্ট্রাজেনেকার নিলেও দ্বিতীয় ডোজ নিয়েছেন আরেক কোম্পানি মডার্নার টিকা। গত মঙ্গলবার জার্মান সরকারের মুখপাত্র এই তথ্য জানিয়েছেন। ৬৬ বছর বয়স্ক মেরকেল এপ্রিলে অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নিয়েছিলেন। কয়েক দিন আগে তিনি মডার্নার করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন। গত এপ্রিলে মেরকেলের মুখপাত্র তার টিকা নেওয়ার সনদপত্র টুইটারে প্রকাশ করেছিলেন।

বিশেষজ্ঞরা বলছেন, করোনার টিকার মিশ্রণ ভালো ধারণা হতে পারে। কিন্তু নিশ্চিতভাবে বলার সময় এখনো আসেনি। ১৬ বছর চ্যান্সেলর হিসেবে থাকা মেরকেল এই বছর দায়িত্ব ছাড়বেন। গত মার্চে ইউরোপীয় কয়েকটি দেশের সঙ্গে অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ স্থগিত করে জার্মানি। টিকা নেওয়ার পর রক্তে জমাট বাঁধার আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হয়। টিকাদানে শুরুতে জার্মানিতে ধীরগতি থাকলেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে গতি বেড়েছে। দেশটির অর্ধেকের বেশি জনগণ প্রথম ডোজ পেয়ে গেছেন।

বিভিন্ন টিকা মিশ্রণ করা নিয়ে কয়েকটি গবেষণা পরিচালিত হয়েছে। যুক্তরাজ্যের একটি গবেষণায় দেখা গেছে, অ্যাস্ট্রাজেনেকা ও ফাইজারের ডোজ মিশ্রণের ফলে হালকা ও মাঝারি পার্শ্বপ্রতিক্রিয়ার কথা উঠে এসেছে। রয়টার্স জানিয়েছে, টিকা স্বল্পতা ও সুরক্ষার উন্নতির জন্য কয়েকটি দেশ মিশ্রণের বিষয়টি বিবেচনা করছে। অদূর ভবিষ্যতে কানাডার ওন্টারিও ও কুইবেক প্রদেশ এমন উদ্যোগ নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে।