সমসাময়িক ইস্যুতে কোনো ছাড় দেবে না বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। দলটির নেতারা বলেছেন, এখন থেকে জনগণের অধিকার সংশ্লিষ্ট ইস্যুতে বিভিন্ন কর্মসূচি পালন করবে দলটি। গতকাল বুধবার দেশ রূপান্তরকে এসব কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, ‘করোনা মহামারীর মধ্যে দেশের জনগণ কষ্টে আছে। এরই মধ্যে পানির দাম আরেক দফা বাড়ানোর প্রস্তাব করেছে ঢাকা ওয়াসা। প্রস্তাবে ৫ শতাংশ দাম বাড়ানোর কথা বলা হয়েছে। দাম বাড়ানোর সিদ্ধান্তের অনুমোদন হলে আগামী জুলাই মাস থেকে আবাসিক গ্রাহকদের প্রতি ইউনিট (১ হাজার লিটার) পানির জন্য দাম দিতে হবে ১৫ টাকা ১৮ পয়সা, এর আগে যা ছিল ১৪ টাকা ৪৬ পয়সা। আর বাণিজ্যিক সংযোগে দিতে হবে ৪২ টাকা, যা আগে ছিল ৪০ টাকা।’
দলটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা ও ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স দেশ রূপান্তরকে বলেন, ‘সম্প্রতি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের দায়িত্বশীল নেতাদের সঙ্গে ভার্চুয়ালি সভা করেছেন। সভায় নেতারা জনগুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে কর্মসূচি নিয়ে রাজপথে থাকার জন্য বলেছেন। বিষয়টিকে গুরুত্ব দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসব ইস্যুতে কর্মসূচি পালনের নির্দেশনা দিয়েছেন। এর অংশ হিসেবে ওয়াসা কর্তৃক পানির মূল্যবৃদ্ধির প্রস্তাবের বিরুদ্ধে কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়। কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যৌথভাবে কারওয়ান বাজারের ওয়াসা ভবনে গিয়ে সিদ্ধান্তের প্রতিবাদ জানানোর পাশাপাশি পানির মূল্যবৃদ্ধি না করার জন্য কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি পেশ করবে।’
তিনি বলেন, ‘২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেসরকারি কলেজ-বিশ্ববিদ্যালয়ের আয়ের ওপর ১৫ শতাংশ কর আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। মন্ত্রীর এ প্রস্তাবের বিরোধিতা করে বিভিন্ন ছাত্র সংগঠন কর আরোপের প্রস্তাব প্রত্যাহারের আবেদন করেছেন। এর অংশ হিসেবে বেসরকারি বিশ^বিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা কর প্রত্যাহারের আবেদন করেছেন। এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ কর প্রত্যাহারের পাশাপাশি আরও পাঁচটি দাবি জানিয়েছেন। ১০ জুনের মধ্যে তাদের দাবিগুলোর বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন। প্রধান বিরোধী দল হিসেবে বিএনপি তাদের এ দাবির সঙ্গে একমত। এর বাইরে সারা দেশে বিএনপির উদ্যোগে নিমগাছ লাগানোর কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে দলের জ্যেষ্ঠ নেতারা সারা দেশের বিভিন্ন জেলায় যাবেন এবং নেতাকর্মীদের নিয়ে নিমগাছ লাগাবেন।’
বিএনপির পররাষ্ট্রবিষয়ক উপকমিটির সদস্য ও ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল মিন্টু এবং দক্ষিণের মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন ঢাকা মহানগর বিএনপির নেতাদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে এ কর্মসূচি পালন করবেন বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন।
গত ১৭ জুন বৃহস্পতিবার দুপুরে বিএনপি মহাসচিব রাজধানী ঢাকার ভাটারা থানাধীন বেরাইদে (মাদানি এভিনিউ, ১০০ ফিট রোডের পূর্ব দিকে, বালু নদীর আগে) আনুষ্ঠানিকভাবে নিমগাছ রোপণ করে দেশব্যাপী নিমগাছ রোপণের কর্মসূচির উদ্বোধন করেন। এ কর্মসূচির আয়োজন করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতারা। এভাবে প্রতি জেলায় কমপক্ষে ৫ হাজার নিমগাছ রোপণ করা হবে।
এদিকে গত মঙ্গলবার বিএনপি মহাসচিব গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে বিএনপি তাদের পুনর্গঠন কার্যক্রম ভার্চুয়ালি সম্পাদন করবে।’ এছাড়া বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রায় প্রতিদিনই ভার্চুয়ালি একাধিক জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাদের নিয়ে আলোচনা সভা করছে। পর্যায়ক্রমে সব জেলা নেতাদের সঙ্গে আলোচনা সভার আয়োজন করা হবে। পাশাপাশি সংগঠনের পুনর্গঠন কাজ চলছে।