কর্মক্ষেত্রে হয়রানি বন্ধের তাগিদ আইএলওর

বাংলাদেশের কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানি বন্ধের তাগিদ দিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও। সংস্থাটি সব সদস্য দেশকে ‘কনভেনশন সি-১৯০’ অনুমোদনের আহ্বান জানিয়েছে। এ কনভেনশনে কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানি বন্ধে একটি অভিন্ন কাঠামোর কথা বলা হয়েছে। এতে নারী শ্রমিকসহ সব শ্রমিকের কর্মক্ষেত্রে নিরাপত্তার সঙ্গে স্বাধীনভাবে কাজ করার অধিকার নিশ্চিত করা হয়েছে। আইএলওর সঙ্গে এ সংক্রান্ত চুক্তি অনুযায়ী ছয়টি দেশে আজ শুক্রবার থেকে এ আইন কার্যকর হচ্ছে। দুই বছর আগে আইএলওর শ্রম সম্মেলনে ‘কনভেনশন সি-১৯০’ গৃহীত হয়।

গতকাল ঢাকায় আইএলও অফিসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শোভন কাজ, নারী-পুরুষ সমতা ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশ সরকারের প্রতিশ্র“তি বাস্তবায়নকে সহজ করতে পারে ‘কনভেনশন সি-১৯০’। এ কনভেনশনটি প্রতিপালন হলে বাংলাদেশের এলডিসি থেকে টেকসই উত্তরণ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সহজ হবে। এ বিষয়ে আইন করা, নীতিপ্রণয়ন ও নিয়ন্ত্রণ কাঠামোসহ সব বিষয়ে বাংলাদেশকে সহায়তা দিতে প্রস্তুত রয়েছে আইএলও।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশে কর্মক্ষেত্রে সহিংসতা এবং হয়ারানি প্রসঙ্গে গত বছরের আইএলওর একটি জরিপ প্রতিবেদনের তথ্য উল্লেখ করা হয়। এতে দেখা যায়, বাংলাদেশের পোশাক কারখানায় কর্মরত নারী-পুরুষ শ্রমিকদের ৬১ দশমিক ৭ শতাংশ কর্মক্ষেত্রে সহিংসতা এবং হয়রানির শিকার। শ্রমিকদের চাকরি ছাড়ার পেছনে এই সহিংসতা ও হয়রানি অন্যতম বড় কারণ বলে প্রতিবেদনে মন্তব্য করা হয়।