তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সরকারি-বেসরকারি ও অ্যাকাডেমিয়ার সম্মিলিত প্রয়াসে ডিজিটাল অর্থনীতি গড়ে তোলা হচ্ছে। ইতিমধ্যে আইসিটি রপ্তানি ১ বিলিয়ন ডলার অর্জিত হয়েছে। ২০২৫ সালে তা ৫ বিলিয়ন ডলারে উন্নীত করা হবে।
তিনি গতকাল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের এলআইসিটি প্রকল্প ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) যৌথ উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণের সমাপনী অধিবেশনে ডিজিটাল প্ল্যাটফর্মে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ২০২৫ সালের মধ্যে ৫ বিলিয়ন মার্কিন ডলার প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে সরকার আইটি শিল্পের জন্য ‘মিশন ৫ বিলিয়ন ডলার’ শীর্ষক প্রবৃদ্ধি কৌশল প্রণয়ন করেছে। সরকার বেসরকারি খাত এবং অ্যাকাডেমিয়াকে সঙ্গে নিয়েই এই লক্ষ্য অর্জন চায়। এজন্য তিনি আইটি প্রতিষ্ঠানের সিইওদের যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানান।
পলক বলেন, সরকার ক্যাশলেস সোসাইটি গড়ে তোলার জন্য পেমেন্ট সিস্টেমের ডিজিটাইজেশন করেছে, যা মোবাইল আর্থিক সেবা ও ই-কমার্সের দ্রুত প্রবৃদ্ধি ঘটায়। ২০২১ সালের এপ্রিলে মোবাইলে লেনদেন হয় ৬৩ হাজার ৪৭৯ কোটি টাকা। ই-কমার্সের প্রবৃদ্ধি হয় প্রায় ১৬৬ শতাংশ।