দেশে চীনের তৈরি ‘আইএমবি ক্যাম্পস’ নামে একটি টিকা মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি দিয়েছে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি)। নতুন এই টিকা উদ্ভাবন করেছে চীনের ইনস্টিটিউট অব মেডিকেল বায়োলজি অব দ্য চাইনিজ একাডেমি অব মেডিকেল সায়েন্স। গত বুধবার আইসিডিডিআর,বির জ্যেষ্ঠ বিজ্ঞানী ডা. ফেরদৌসী কাদরীকে চীনের এই টিকার পরীক্ষামূলক প্রয়োগের সাময়িক অনুমোদন দিয়ে চিঠি পাঠানো হয়েছে।
‘আইএমবি ক্যাম্পস’ টিকাটির ১৮ বছর বা তার বেশি বয়সীদের দেহে পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি দেওয়া হয়েছে। দেশে এই টিকার পরীক্ষামূলক প্রয়োগ বা ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনার কাজ করছে আইসিডিডিআর,বি।
বিএমআরসির পরিচালক অধ্যাপক ডা. মো. রুহুল আমিন বলেন, আইসিডিডিআর,বি এই টিকার তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য প্রটোকল জমা দিয়েছিল। সে অনুযায়ী তাদের অনুমতি দেওয়া হয়েছে। ন্যাশনাল এথিকস কমিটি তাদের আবেদন যাচাই-বাছাই করেছে বলে জানান তিনি।
এর আগে গত ১৬ জুন বিএমআরসি জানিয়েছিল, বাংলাদেশের বঙ্গভ্যাক্স এবং চীন ও ভারতের আরও দুটি টিকার পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি চাওয়া হয়েছে। এগুলো অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে অনুমতি দেওয়ার আগে গ্লোব বায়োটেককে কিছু শর্ত দেওয়ার কথা জানিয়েছিল বিএমআরসি।
গ্লোব বায়োটেকের টিকা বঙ্গভ্যাক্সের ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি দেওয়া হয়েছে কি না এমন প্রশ্নে ডা. মো. রুহুল আমিন বলেন, গ্লোব বায়োটেককেও এ সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়েছে। আমরা যে জিনিসগুলো যেভাবে চাচ্ছি, উনাদের তা জানানো হয়েছে।