চার্চিলের আঁকা ছবি বিক্রি হলো দেড় কোটি টাকায়

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল নিজের আঁকা একটি ছবি উপহার দিয়েছিলেন বন্ধু বিলিয়নেয়ার ওনাসিসকে। ওনাসিসের বিলাসবহুল ইয়াটে টানানো সেই ছবিটি নিলামে বিক্রি হলো ১ দশমিক ৮৫ মিলিয়ন ডলার বা দেড় কোটি টাকারও বেশি দামে।

জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের খবরে বলা হয়েছে, তেলচিত্রটি উইনস্টন চার্চিল এঁকেছিলেন ১৯২১ সালে। পরে সেটি উপহার দিয়েছিলেন গ্রিক ধনকুবের বন্ধু অ্যারিস্টল ওনাসিসকে। বন্ধুর আঁকা চিত্রকর্মটি দীর্ঘদিন ধরেই ছিল তার বিলাসবহুল জাহাজে সাজানো। এই উদ্দেশ্যেই বন্ধুকে সেটি দিয়েছিলেন তিনি। মেয়ের নামে ওনাসিস ইয়টের নাম রেখেছেন ক্রিশ্চিনা। প্রায় শতাধিক মিটার দীর্ঘ জাহাজটি একসময় কানাডিয়ান নৌবাহিনীর একটি ফ্রিগেট ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধেও অংশ নিয়েছিল এটি। যুদ্ধের পর ওনাসিস জাহাজটি কিনে নিয়ে বিলাসবহুল ইয়টে রূপান্তর করেন।

বিলিয়নেয়ার ব্যবসায়ী ওনাসিস চার্চিলের উপহারটি নিয়ে এতটাই গর্বিত ছিলেন যে তার জাহাজে একটি বিশেষ স্থান পেয়েছিল ছবিটি। সুপার ইয়ট ‘ক্রিশ্চিনা’র অতিথিদের মধ্যে ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি, জ্যাকি কেনেডি, এলিজাবেথ টেলর, রিচার্ড বার্টন, মারিয়া ক্যালাসের মতো অনেকে।

কেনেডির মৃত্যুর পর ১৯৬৮ সালে তার বিধবা স্ত্রী জ্যাকি কেনেডি বিয়ে করেন ওনাসিসকে। বিয়ের সাত বছর পর ওনাসিস মারা যাওয়ার পর বিলাসবহুল জাহাজটি বিক্রি করে দেওয়া হয়। ওনাসিসের উত্তরাধিকারীদের সিদ্ধান্তে উইনস্টন চার্চিলের আঁকা ল্যান্ডস্কেপটি নিউ ইয়র্কের নিলাম হাউজ ফিলিপস বুধবার বিক্রি করে।