বৃষ্টির এ সময় দুপুরে কিংবা রাতে খেতে পারেন খিচুড়ি। কয়েক রকম খিচুড়ির রেসিপি দিয়েছেন উম্মাহ মোস্তফা
ওটস খিচুড়ি
উপকরণ
ওটস ১ কাপ, মুগডাল সিকি কাপ, পেঁয়াজ আধা কাপ, সবজি কয়েক ধরনের মেশানো ১ কাপ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, হলুদের গুঁড়ো আধা চা চামচ, মরিচের গুঁড়ো আধা চা চামচ, জিরার গুঁড়ো আধা চা চামচ, আস্ত জিরা আধা চা চামচ, তেজপাতা ১টি, এলাচ ৩টি, দারুচিনি ১ টুকরো, লবঙ্গ ৩টি, কাঁচা মরিচ ফালি ২টি, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, ভেজিটেবল অয়েল ৩ টেবিল চামচ, লবণ ১ চা চামচ, গরম পানি ২ কাপ।
যেভাবে তৈরি করবেন
১. ফ্রাইপ্যানে ওটস হালকা ভেজে নিন। ডাল কিছুক্ষণ ভিজিয়ে রেখে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন।
২. হাঁড়িতে তেল গরম করে তেজপাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ ও আস্ত জিরার ফোড়ন দিন। আদা-রসুন বাটা ও অন্য মসলা একসঙ্গে কষান।
৩. অল্প পানি দিয়ে ডাল কষিয়ে আবার একটু পানি দিয়ে ঢেকে দিন। ডাল সেদ্ধ হলে সবজি ও পেঁয়াজ কিউব দিয়ে কষান।
৪. কষানো হলে অল্প পানি দিয়ে সবজি সেদ্ধ করুন। পানি শুকিয়ে এলে ওটস মিশিয়ে আরও একটু পানি দিন। চুলার আঁচ বাড়িয়ে দিন।
৫. পানি শুকিয়ে ঘন হলে, ধনেপাতা ও কাঁচা মরিচ ফালি দিয়ে নামিয়ে লেবুর রস ছড়িয়ে গরম-গরম পরিবেশন করুন।
তেহারি খিচুড়ি
উপকরণ
খাসির মাংস আধা কেজি, পোলাওয়ের চাল ১ কেজি, টক দই ৩ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ, কাঁচা মরিচ ৫টি, সয়াবিন তেল আধা কাপ, রসুন বাটা ১ চা চামচ, শাহি জিরা সিকি চা চামচ, আদা বাটা ১ চা চামচ, গোলমরিচের গুঁড়ো আধা চা চামচ, কেওড়া জল ১ চা চামচ, গুঁড়ো দুধ ১ চা চামচ, পেঁয়াজ বাটা আধা কাপা, এলাচ ৩টি, তেজপাতা ২টি, দারুচিনি ২ টুকরো।
যেভাবে তৈরি করবেন
১. খাসির মাংস ধুয়ে টক দই, আদা, রসুন ও লবণ দিয়ে ৩০ মিনিট মেখে রাখুন।
২. কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ বাদামি করে ভেজে মাংস, কাঁচা মরিচ ও অল্প পানি দিয়ে কষিয়ে মাঝারি আঁচে মাংস রান্না করুন।
৩. মাংস সেদ্ধ ও মাখামাখা হয়ে গেলে গোলমরিচের গুঁড়ো দিয়ে নেড়ে নামিয়ে ঢেকে রাখুন।।
৪. এরপর পোলাওয়ের চাল ভিজিয়ে কয়েক ঘণ্টা রেখে পানি ঝরিয়ে হাঁড়িতে চালের দেড় গুণ পানি ও গুঁড়ো দুধ দিয়ে নিন।
৫. আধা সেদ্ধ হলে লবণ, তেজপাতা, এলাচ ও দারুচিনি দিয়ে নেড়ে ঢেকে দিন। পানি শুকিয়ে চালের সমান হয়ে গেলে রান্না করা মাংস চালের মধ্য দিয়ে অল্প আঁচে ১০ মিনিট রেখে কেওড়া জল ও শাহি জিরা ছিটিয়ে নামিয়ে নিন।
গরুর মাংস ও কলাই ডালের সাদা খিচুড়ি
উপকরণ
পোলাওয়ের চাল ১ কাপ চাল, গরুর মাংস ভুনা আধা কেজি, কলাই ডাল আধা কাপ, আলু কুচি আধা কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, এলাচ ২টি, দারুচিনি ৩ টুকরো, লবঙ্গ ৩টি, কাঁচা মরিচ ১০টি, লবণ ১ চা চামচ, তেজপাতা ১টি, পানি ৪ কাপ, ঘি ২ টেবিল চামচ।
যেভাবে তৈরি করবেন
১. চাল ও ডাল একসঙ্গে ধুয়ে আধঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর পানি ঝরিয়ে ঘি, পেঁয়াজ ও কাঁচা মরিচ ছাড়া চাল-ডালে সব উপকরণ মিশিয়ে সেদ্ধ করে নিন।
২. চাল-ডাল সেদ্ধ হয়ে গেলে গরুর মাংস দিয়ে দিন।
৩. অন্য পাত্রে ঘি দিয়ে পেঁয়াজ বেরেস্তা করুন।
৪. খিচুড়ি ঘন হয়ে এলে বেরেস্তার মধ্যে ঢেলে গরম-গরম পরিবেশন করুন।
চিংড়ি খিচুড়ির পাতুরি
উপকরণ
চিংড়ির জন্য : ছোট চিংড়ি মাছ দেড় কাপ, সরিষা বাটা ৩ টেবিল চামচ, পেঁয়াজ ভাজা বাটা আধা কাপ, টক দই ৩ চা চামচ, মরিচের গুঁড়ো আধা চা চামচ, হলুদের গুঁড়ো আধা চা চামচ, সরিষা তেল সিকি কাপ, লবণ ১ চা চামচ।
খিচুড়ির জন্য : পোলাওয়ের চাল ১ কেজি, মসুর ডাল আধা কাপ, মুগ ডাল আধা কাপ, আদা কুচি ১ চা চামচ, রসুন কুচি ১ চা চামচ, তেজপাতা ২টি, কাঁচা মরিচ ৪টি, লবণ ১ চা চামচ, পানি ৫ কাপ, সরিষার তেল সিকি কাপ।
যেভাবে তৈরি করবেন
১. চিংড়ি মাছ ধুয়ে অল্প হলুদ আর লবণ মাখিয়ে হালকা তেলে ভেজে নিন।
২. একই তেলে পেঁয়াজ বাটা, সরিষা বাটা, হলুদ, মরিচ, টক দই এবং সব মসলা দিয়ে ভুনে রাখুন। তেল ওপরে উঠলে চিংড়ি মাছ ও কাঁচা মরিচ দিয়ে রান্না করুন।
৪. চাল-ডাল ধুয়ে পানি ঝরিয়ে রাখুন।
৫. হাঁড়িতে আদা, রসুন, তেজপাতা, চাল, ডাল ও লবণ দিয়ে হালকা ভেজে ৫ কাপ গরম পানি দিয়ে মাঝারি আঁচে রান্না করুন ।
৬. পানি, চাল আর ডাল সমান হলে চুলার আঁচ কমিয়ে কাঁচা মরিচ ও লবণ দিয়ে ঢেকে ৫ মিনিট চুলায় রেখে পানি শুকালে চিংড়ি ভুনা মিশিয়ে কিছুক্ষণ দমে রেখে নামিয়ে নিন।