‘মৃত ভেবে’ সাংবাদিক রিয়াজকে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার সাংবাদিক রিয়াজ হোসেনকে হত্যাচেষ্টায় জড়িত ছিল অজ্ঞাত পাঁচ সন্ত্রাসী। হত্যার উদ্দেশ্যে মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার পরে মাটিতে লুটিয়ে পড়েন রিয়াজ। পরে অচেতন হয়ে পড়লে তাকে মৃত মনে করে হত্যা চেষ্টাকারী সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে।

শুক্রবার বিকেলে রিয়াজ কিছুটা সুস্থ হলে হামলার ঘটনা বর্ণনা করেন তিনি। 

এ হামলার ঘটনায় বৃহস্পতিবার রাতে রিয়াজের ভাই তাইজুল ইসলাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় অজ্ঞাত সেই পাঁচ সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা করেছেন।

মামলার এজাহার ও রিয়াজের কথায় জানা যায়, গত ২১ জুন রিয়াজ হোসেন তার সহকর্মী দৈনিক মানবজমিনের সাংবাদিক জয়নাল আবেদীন জয়, তার বন্ধু মাসুদ চৌধুরী ও জামাল হোসেনকে সঙ্গে নিয়ে একটি প্রাইভেটকার যোগে ঢাকায় যান। পরে ২২ জুন রাত ১২টা ৫ মিনিটের দিকে রিয়াজকে তার বন্ধুরা বাড়ির অদূরে কাঞ্চন বাজারে জনৈক সানাউল্লাহ মান্নান সানির ডিশ অফিসের সামনের রাস্তায় নামিয়ে দেন। সেখান থেকে রিয়াজ পায়ে হেঁটে নিজ বাড়ির উদ্দেশে যেতে থাকলে কাঞ্চন খাপাড়া এলাকার জনৈক নায়েব আলীর বাউন্ডারির সামনে পৌঁছামাত্র ওত পেতে থাকা অজ্ঞাতনামা চার/পাঁচ সন্ত্রাসী রিয়াজকে আটকে এলোপাতাড়ি মারধর করতে থাকে। এ সময় এক সন্ত্রাসী তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে রিয়াজকে খুন করার উদ্দেশ্যে মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে রিয়াজ মাটিতে লুটিয়ে পড়েন। তিনি অচেতন হয়ে পড়লে সন্ত্রাসীরা মৃত ভেবে ঘটনাস্থল ত্যাগ করে।

অভিযোগে জানা যায়, প্রায় ১৫ মিনিট পরে রিয়াজের জ্ঞান ফিরলে তিনি তার ছোট ভাইয়ের ফোনে কল করে ঘটনাটি জানান। স্বজনরা এসে তাকে উদ্ধার করে প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক রিয়াজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। স্বজনরা তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হলে রিয়াজের অবস্থার আরো অবনতি হলে তাকে দ্রুত কর্ণগোপ এলাকার ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। চিকিৎসক তাকে দ্রুত আইসিইউতে ভর্তির নির্দেশ দেন। বর্তমানে রিয়াজ  ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

ধারণা করা হচ্ছে, স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশের জের ধরে সন্ত্রাসীরা সম্পূর্ণ পরিকল্পিতভাবে রিয়াজকে হত্যার উদ্দেশ্যে তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, সাংবাদিক রিয়াজ হোসেনকে হত্যাচেষ্টার ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা হয়েছে। ঘটনার পর থেকেই পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারে তৎপর রয়েছে। ইতিমধ্যে তথ্যপ্রযুক্তির সহযোগিতাও নেয়া হয়েছে। আশা করছি খুব শিগগিরই হত্যা চেষ্টাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারে সক্ষম হব।