রংপুর বিভাগের মধ্যে মাসিক অপরাধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করায় মে মাসের সামগ্রিক কর্মমূল্যায়নে শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হয়েছে দিনাজপুরের হাকিমপুর থানা। একই সঙ্গে অজ্ঞাতনামা ডাকাতদের শনাক্তকরণে ভূমিকা রাখায় হাকিমপুর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছেন।
গত বৃহস্পতিবার রংপুর রেঞ্জ ডিআইজি অফিসের সম্মেলন কক্ষে রংপুর বিভাগের মে মাসের মাসিক অপরাধ ও আইনশৃঙ্খলা সভা হয়। করোনার কারণে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত ওই সভায় সামগ্রিক কর্মমূল্যায়নে এ পুরস্কারের ঘোষণা করা হয়। হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সমন্বিত কাজের অর্জনে শ্রেষ্ঠ থানা হিসেবে হাকিমপুর থানা নির্বাচিত হয়েছে। শ্রেষ্ঠ থানা হিসেবে এ ধরনের অর্জন আমাদের কর্মশক্তি আরও বাড়িয়ে তুলবে।