গাজীপুর শেখ কামাল ওয়াইল্ডলাইফ সেন্টারে ডিম ফুটে ৫৪টি খৈয়া গোখরা ও দাগী ধোড়া সাপের বাচ্চা জন্ম নিয়েছে। সাপগুলো কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে অবমুক্ত বা সংরক্ষণ করা হবে বলে জানা গেছে। গত ৩১ মে যশোরের এক গ্রাম থেকে সাপের ডিমগুলো সংগ্রহ করা হয়। গত ১৪ জুন পর্যন্ত বিশেষ প্রক্রিয়ায় ডিম ফুটে ১০টি দাগী ধোড়া সাপের বাচ্চা জন্ম নেয়। সেগুলো শেখ কামাল ওয়াইল্ডলাইফ সেন্টারের অভ্যন্তরে ইতিমধ্যে অবমুক্ত করা হয়েছে। গত বৃহ¯পতিবার পর্যন্ত আরও ৪৪টি খৈয়া গোখড়া সাপের বাচ্চা ফোটে।
শেখ কামাল ওয়াইল্ডলাইফ সেন্টারের কর্মকর্তারা জানান, গত ৩১ মে যশোরের গাঁওঘরা গ্রামে একটি গাছ কাটতে গিয়ে বাড়ির মালিক ৪৭টি খৈয়া গোখরা সাপের ডিম দেখতে পান। এছাড়া অন্য একটি গাছের গুঁড়ির নিচে ১৫টি ধোড়া সাপের ডিম দেখতে পান। খবর পেয়ে গাজীপুরের শেখ কামাল ওয়াইল্ডলাইফ সেন্টারের কর্মকর্তারা সেই ডিম সংগ্রহ করে নিয়ে আসেন।
বিশেষ প্রাকৃতিক ব্যবস্থাপনায় ডিমগুলো থেকে বাচ্চা ফোটানোর দায়িত্বে ছিলেন শেখ কামাল ওয়াইল্ডলাইফ সেন্টারের প্রাণিবিজ্ঞানী মো. সোহেল রানা।