জাতীয় সংসদের ঢাকা-১৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী আগা খান মিন্টু ও কুমিল্লা-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী আবুল হাসেম খানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। যার ফলে এই দুই আসনে আর ভোটের প্রয়োজন হবে না। গতকাল শুক্রবার দুটি আলাদা গণবিজ্ঞপ্তিতে ঢাকা অঞ্চলের নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার ও কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা দিয়েছেন।
ঢাকা-১৪ আসনে সংসদের বিরোধী দল জাতীয় পার্টির (লাঙল) মোস্তাকুর রহমান, বিএনএফের কে ওয়াই এম কামরুল ইসলাম ও জাসদের আবু হানিফ মনোনয়নপত্র প্রত্যাহার করলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগা খানের নির্বাচিত হওয়ার পথ সুগম হয়। এছাড়া কুমিল্লা-৫ আসনে আবুল হাসেমের একমাত্র প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (লাঙল) মনোনীত প্রার্থী জসিম উদ্দিন প্রার্থিতা প্রত্যাহার করায় আসনটিতে আর ভোট হচ্ছে না।
ইসি সচিবালয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। এরপরও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থী।
নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, একাদশ জাতীয় সংসদের সিলেট-৩, ঢাকা-১৪, কুমিল্লা-৫ আসনে ১৪ জুলাই ভোট হওয়ার কথা ছিল। তবে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এরশাদের মৃত্যুর দিনে ভোট না করার দাবি তুলেছিল দলটি। পরে ইসি ভোটের তারিখ পরিবর্তন করে ২৮ জুলাই ভোটগ্রহণের দিন ঠিক করে। ঘোষিত তফসিল অনুযায়ী, শূন্য হওয়া তিন আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল ১৫ জুন। ১৭ জুন যাচাই-বাছাইয়ের পর ২৩ জুন পর্যন্ত ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।