যুক্তরাজ্যে গবেষণা

জানাজানির ২ মাস আগেই সংক্রমণ শুরু হয়েছিল

করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে এখনো বিজ্ঞানীরা ধোঁয়াশার মধ্যে রয়েছেন। এর মধ্যেই নতুন এক গবেষণা বলছে, ২০১৯ সালের অক্টোবরেই চীনে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছিল। অর্থাৎ বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারী জানাজানি হওয়ার দু’মাস আগেই ভাইরাসটি বিস্তার পেতে শুরু করেছিল।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের মধ্যাঞ্চলীয় শহর উহানে এ ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ার কথা জানিয়েছিল চীন সরকার। তবে তার দুই মাস আগেই এ ভাইরাসের বিস্তার শুরু হয়ে থাকতে পারে বলে নতুন এক গবেষণায় আভাস মিলেছে। পিএলওএস প্যাথোজেনস সাময়িকীতে গতকাল শুক্রবার প্রকাশিত ওই গবেষণাপত্রে বলা হয়, ২০১৯ সালের অক্টোবরের শুরু থেকে নভেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে সার্স-কভ-২ ভাইরাসটি প্রথম আত্মপ্রকাশ করে।

ব্রিটেনের ইউনিভার্সিটি অব কেন্টের গবেষকরা কনজারভেশন বা সংরক্ষণ বিজ্ঞানের পদ্ধতি ব্যবহার করে এই হিসাব বের করেছেন। তাদের হিসাব অনুযায়ী, ভাইরাসটির উদ্ভবের তারিখ সম্ভবত ২০১৯ সালের ১৭ নভেম্বর এবং পরে ২০২০ সালের জানুয়ারিতে বিশ্বজুড়ে সেটি ছড়িয়ে পড়ে। চীনে সরকারিভাবে প্রথম কভিড-১৯ রোগীর তথ্য নথিভুক্ত করে ২০১৯ সালের ডিসেম্বরে। এই রোগের উৎপত্তিস্থল হিসেবে উহান শহরের হুয়ানান সি ফুড বাজারকে চিহ্নিত করা হয়। ইউনিভার্সিটি অব কেন্টের গবেষকরা বলছেন, ওই সময়ের আগের সংক্রমণগুলোর ক্ষেত্রে হুয়ানানের কোনো সম্পর্ক পাওয়া যায়নি। এর অর্থ দাঁড়াচ্ছে, ওই বাজারে পৌঁছানোর আগেই সার্স-কভ-২ ছড়িয়ে পড়তে শুরু করেছিল।

এ বছরের মার্চের শেষে প্রকাশিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং চীনের যৌথ গবেষণাপত্রে স্বীকার করা হয়েছে যে, উহানে মহামারী ছড়িয়ে পড়ার আগে গুচ্ছ আকারে মানবদেহে ভাইরাসটির সংক্রমণ হয়ে থাকতে পারে।