পুঁজিবাজারের বিনিয়োগকারী দেশের খ্যাতনামা ক্রিকেটার সাকিব আল হাসান তালিকাভুক্ত কোম্পানি এনআরবি কমার্শিয়াল ব্যাংকে (এনআরবিসি) বিনিয়োগ করে লাভবান হয়েছেন। গতকাল এনআরবিসি ব্যাংকের ৮ম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সাধারণ শেয়ারহোল্ডার হিসেবে অংশ নিয়ে সাকিব এ কথা বলেন।
অনলাইন প্ল্যাটফর্মে গতকাল এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমালের সভাপতিত্বে এজিএমে সব পরিচালক, উদ্যোক্তা, শেয়ারহোল্ডার এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক গোলাম আউলিয়াসহ শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। এজিএমে ২০২০ সালের জন্য সাড়ে ১২ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেন শেয়ারহোল্ডাররা। এর মধ্যে নগদ লভ্যাংশ সাড়ে ৭ শতাংশ এবং স্টক ডিভিডেন্ট ৫ শতাংশ।
দেশের সেরা ক্রিকেটারদের মধ্যে সাকিব আল হাসানের বড় বিনিয়োগ রয়েছে পুঁজিবাজারে। এর বাইরে বিভিন্ন ব্যবসাতেও তার বিনিয়োগ রয়েছে। গত মে মাসে ব্রোকারেজ হাউজ পরিচালনার জন্য সাকিবের প্রতিষ্ঠান মোনার্ক হোল্ডিংস ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেটের (ট্রেক) অনুমোদন পায়।
গতকাল এনআরবিসি ব্যাংকের এজিএমে সাধারণ বিনিয়োগকারীদের পক্ষে সাকিব আল হাসান বলেন, এনআরবিসি ব্যাংকে বিনিয়োগ করে আমরা সাধারণ বিনিয়োগকারীরা লাভবান হয়েছি। এই ব্যাংকের পরিচালনার দায়িত্বে রয়েছেন দক্ষ ও সফল প্রবাসী উদ্যোক্তারা। সঠিকভাবে পরিচালনার কারণে খেলাপি ঋণ অনেক কম। আমরা প্রত্যাশা করি ব্যাংকটি আরও ভালো করবে। বিনিয়োগকারীরা লাভবান হবেন। সর্বোপরি বাংলাদেশের মানুষের কর্মসংস্থান নিশ্চিত করতে ব্যাংকিং কার্যক্রম অব্যাহত থাকবে এই প্রত্যাশা করছি।
এজিএমে ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল বলেন, এনআরবিসি ব্যাংক শুধু একটি লাভজনক প্রতিষ্ঠানই নয়, এটি সেবামূলক প্রতিষ্ঠানও। সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য ব্যাংকটি কাজ করছে। সম্প্রতি ব্যাংকটি ক্ষুদ্রঋণ প্রকল্প চালু করেছে, যার মাধ্যমে আগামী এক বছরে এক লাখ প্রান্তিক পর্যায়ের মানুষকে ঋণ দেওয়া হবে।