ফ্লয়েড হত্যাকারী পুলিশের সাড়ে ২২ বছর সাজা

যুক্তরাষ্ট্রের মিনেসোটায় কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে হত্যার দায়ে সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিনকে সাড়ে ২২ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। গত শুক্রবার এই রায় ঘোষণা করা হয় বলে জানিয়েছে সিএনএন।

এই মামলার কৌঁসুলি চৌভিনের ৩০ বছর কারাদণ্ড চেয়েছিলেন। আর চৌভিনের আইনজীবী চেয়েছিলেন তাকে মুক্তি দেওয়া হোক। কিন্তু গত এপ্রিলে তার বিরুদ্ধে আনা তিনটি অভিযোগই আদালতে প্রমাণ হয়। রায় ঘোষণার সময় আদালত বলেছে, ‘ফ্লয়েডের পরিবার যে যন্ত্রণা পোহাচ্ছে সেই দিকে অবশ্যই আমাদের নজর দিতে হবে।’ ফ্লয়েডের মৃত্যুতে যুক্তরাষ্ট্রজুড়ে যে বেদনাহত পরিবেশের সৃষ্টি হয়েছিল তাও উল্লেখ করেছে আদালত।

রায়ের পর ফ্লয়েডের আইনজীবী বেন ক্রাম্প এক টুইটে বলেছেন, ‘ঐতিহাসিক এই রায় অপরাধীকে জবাবদিহির মুখোমুখি করেছে। রায়টি ফ্লয়েডের পরিবার এবং আমাদের সমাজকে আরও একধাপ এগিয়ে নিয়েছে।’ ফ্লয়েডের বোন ব্রিজেট ফ্লয়েড বলেছেন, ‘পুলিশের নির্মমতাকে রাষ্ট্র শেষ পর্যন্ত গুরুত্ব দিতে বাধ্য হচ্ছে, এ রায় সে কথাই বলছে। তবে আমাদের আরও অনেক পথ যেতে হবে।’ তবে রায়ে হতাশা প্রকাশ করেছেন মিনেসোটা অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল কেইথ এলিসন। তিনি দাবি করেছেন, চৌভিনকে যে সাজা দেওয়া হয়েছে তা যথেষ্ট নয়।

এদিকে চৌভিন আদালতকে বলেছেন, ‘আমি ফ্লয়েডের পরিবারের প্রতি শোক জানাচ্ছি। ভবিষ্যতে আরও কিছু তথ্য বেরিয়ে আসবে। আমি আশা করি, এতে আপনারা মানসিকভাবে শান্তি পাবেন।’ চৌভিন এখন কারাগারে আছেন। এর আগে মিনেসোটার হেনেপিন কাউন্টির একটি আদালত গত ২১ এপ্রিল তাকে দোষী সাব্যস্ত করে।