করোনাভাইরাস

নতুন গরিবদের সহায়তা দেওয়া হবে : অর্থমন্ত্রী

দেশে করোনা পরিস্থিতিতে যারা গরিব হয়েছেন, তাদের চিহ্নিত করে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, ‘বিষয়টির জন্য আলাদা একটি কমিটি আছে। প্রধানমন্ত্রী এটি দেখাশোনা করেন। আমার বিশ^াস, অবশ্যই আমরা এগুলো দেখব।’

গতকাল শনিবার অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সরকারি সংস্থা সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক জরিপ অনুযায়ী, দেশে সাড়ে ছয় কোটির বেশি মানুষ এখন দরিদ্র। এ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কামাল বলেন, ‘এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। আমরা গরিবদের সাহায্য করে থাকি। তাদের ক্যাশ ট্রান্সফার করা হয়ে থাকে। আমার বিশ^াস, যারা গরিব, তাদের আমরা আইডেন্টিফাই (চিহ্নিত) করতে পারব। আইডেন্টিফায়েড যারা, তাদের তো অবশ্যই সাহায্য করা হবে। তবে এই ছয় কোটি দরিদ্রের সংখ্যাটি আমার কাছে এখনো আসেনি। কাজেই এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না।’

পরিকল্পনামন্ত্রী একটি ওয়েবিনারে বলেছেন, বাজেট পলিশিং করা দরকার, এ বিষয়ে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘এটি আপনারা যেমন বোঝেননি, আমিও তেমন বুঝিনি। পরিকল্পনামন্ত্রীকে এটি জিজ্ঞেস করতে হবে, তিনি কী মিন করেছেন। বাজেটের ব্যাপারে তার যে মতামত, সেগুলো তো আমরা আগেই পেয়েছি। এখন তিনি আবার নতুন করে কী ভাবছেন, আমি জানি না। বাজেট আমাদের সামনেই আছে, বাজেট সবার জন্য উন্মুক্ত। সবাই বাজেটের বিষয়গুলো বিবেচনা করছেন এবং পর্যালোচনাও করছেন। পরিকল্পনামন্ত্রী কিসের ভিত্তিতে এ মন্তব্য করেছেন, আমি জানি না। এটা না জানা পর্যন্ত কোনো মন্তব্য করতে চাই না।’

পোশাক রপ্তানিকারকদের প্রণোদনার টাকা পরিশোধের সময় বাড়ানোর আবেদন বিষয়ে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে আপনাদের জানানো হবে। এটি নিয়ে কাজ হচ্ছে। দেখা যাক, শেষ পর্যন্ত কী করা যায়।’

ভূমধ্যসাগর থেকে বিদেশগামী বাংলাদেশিদের উদ্ধার করা হয়েছে। দেশে ব্যাপক উন্নতির পরও তারা কেন অবৈধভাবে বিদেশে যাচ্ছে? এটা কি দেশের ইমেজের জন্য ক্ষতিকর নয় এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘শুধু বাংলাদেশের মানুষ না, সেখানে অন্যান্য দেশের মানুষ আছে। দেখে-শুনে কেন তারা এই ঝুঁকি নিচ্ছেন, সেটা আমার নিজেরও জানতে ইচ্ছে হয়।’

তিনি আরও বলেন, ‘এখন তো বৈধভাবে যাওয়ার সুযোগ আছে। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় বারবার সতর্ক করছে, যাতে কেউ অবৈধভাবে বিদেশ পাড়ি না জমায়। তারপরও এমন ঘটনা ঘটছে।’