ভোক্তা অধিকার সংরক্ষণে এগিয়েছি, কিন্তু লক্ষ্যে পৌঁছাতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। গতকাল রোববার কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) এক সেমিনারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লোকবলের অভাব রয়েছে জানিয়ে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। ক্যাবের ‘জেলা-উপজেলা ভোক্তা প্রতিনিধি সম্মেলন-২০২১ ও ভোক্তা অধিকার শক্তিশালীকরণ’ শীর্ষক সেমিনারটি অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে দেওয়া বক্তব্যে টিপু মুনশি বলেন, শুধু অভিযান, জরিমানা ও বাজার মনিটরিং নয়, ভোক্তাদের অধিকার প্রচার করা হলো মূল কাজ। ভোক্তারা যদি জানেন, তাদের কী অধিকার, তাহলে তারা সচেতন থাকবেন। তিনি আরও বলেন, দ্রব্যমূল্য স্থির রাখার জন্য বাণিজ্য মন্ত্রণালয় সার্বক্ষণিক সজাগ রয়েছে। এ জন্য বাজার পরিদর্শনসহ বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রয়েছে। মহামারীর মধ্যে কাজ করতে গিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকসহ অনেক কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। এই সরকার ব্যবসাবান্ধব। ব্যবসার উন্নতির পাশাপাশি দ্রব্যমূল্য যাতে মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে, এটা বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।