কিশোরগঞ্জে মানববন্ধন

অবৈধ দখলদারদের উচ্ছেদ দাবি

কিশোরগঞ্জের নরসুন্দা নদীর দুই পাড় থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ, নরসুন্দা নদী পুনর্বাসন প্রকল্পের দুর্নীতির সঙ্গে জড়িতদের শাস্তি দাবি এবং প্রকল্পের নকশা অনুযায়ী অসমাপ্ত কাজ সম্পন্ন করার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চ, কিশোরগঞ্জের উদ্যোগে গতকাল রবিবার বেলা ১১টায় জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মুক্ত মঞ্চ চত্বরে এ কর্মসূচি শুরু হয়।

সংগঠনের আহ্বায়ক শেখ সেলিম কবীরের সভাপতিত্বে কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন নাগরিক অধিকারকর্মী কামরুল আহসান মুকুল ও কানন চক্রবর্তী, কিশোরগঞ্জ জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সোহেল চৌধুরী ও সাধারণ সম্পাদক আবু তাহের, সাংবাদিক রেজাইল হাবীব রেজা ও আশরাফ আলী।

বক্তারা নরসুন্দা নদী পুনর্বাসন প্রকল্পের কাজে গাফিলতি ও কাজ অসম্পূর্ণ থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। সেই সঙ্গে প্রকল্পের কাজ শুরুর আগে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হলেও বর্তমানে ফের অবৈধভাবে নদীর জায়গায় সংগঠনের নামে স্থাপনা নির্মাণের ঘটনায় তীব্র নিন্দা জানান।