নিউ ইয়র্কে শুরু প্রিয়াঙ্কার রেস্তোরাঁ

বলিউড ও হলিউডের জনপ্রিয় তারকা প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের আরেকটি ইচ্ছে পূরণ হলো। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে চালু হলো ভারতীয় রেস্তোরাঁ ‘সোনা’। বেশ আগেই প্রিয়াঙ্কা জানিয়েছিলেন, নিউ ইয়র্কে তিনি একটি রেস্তোরাঁ খুলবেন, যেখানে ভারতীয় ও নিজের পছন্দের সব খাবার পাওয়া যাবে। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে রেস্তোরাঁটির বেশ কিছু ছবি শেয়ার করেছেন এই অভিনেত্রী। একটি ছবিতে তাকে পানিপুরি চাখতে দেখা যাচ্ছে। নিজের রেস্তোরাঁর ভেতর মিমিজ ডাইনিংয়ে বসেও ছবি তুলেছেন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা বলেন, ‘তিন বছরের পরিকল্পনা এত দিনে বাস্তবায়িত হয়েছে, এখনো আমি এটা বিশ্বাস করতে পারছি না। যেসব রাঁধুনি আমার এই স্বপ্ন সফল করেছেন, তাদের সঙ্গে সাক্ষাতের তর সইছিল না। সেখানে গিয়ে দেখি, আমার নামে রাখা ব্যক্তিগত ডাইনিংয়ের ঘরটা খুব সুন্দর করে সাজানো। সেখানে রয়েছে ভারতীয় শিল্পীদের শিল্পকর্ম (বিক্রির জন্য), মজার মজার সব খাবার ও পানীয়। এখানে যাঁরা আসবেন, তাঁদের অভিজ্ঞতা হবে একেবারেই অন্য রকম। এটা যেন নিউ ইয়র্কের অন্তরের মাঝখানে আমার হৃদয়ের একটি টুকরো।’

কেন এই রেস্তোরাঁ? প্রিয়াঙ্কা বলেন, ‘নিউ ইয়র্কের লোকেরা যাতে সাধারণ ভারতীয় খাবারগুলো খেতে পারেন, সে জন্য। খাবারগুলোর প্রতি আমার ভালোবাসা আছে বলেই এগুলো আমি সবাইকে খাওয়াতে চেয়েছি।’ ‘হোয়াইট টাইগার’ দিয়ে ইতিমধ্যে ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হয়ে গেছে প্রিয়াঙ্কার। সামনে তাকে দেখা যাবে ‘ম্যাট্রিক্স ফোর’-এ। মুক্তির অপেক্ষায় আছে মার্কিন টিভি সিরিজ ‘সিটাডেল’ ও হলিউডের রোমান্টিক সিনেমা ‘টেক্সট ফর ইউ’।