দেশে করোনাভাইরাসের টিকা উৎপাদনে নীতিগতভাবে ইডিসিএলকে (সরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগ লিমিটেড) অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেনে, তাদের দায়িত্ব দেওয়া হয়েছে টিকা উৎপাদনের ব্যবস্থা করার জন্য। এ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা যা নির্দেশনা, সহযোগিতা দেওয়া দরকার, সেটা করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে।
গতকাল রবিবার সচিবালয়ে স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার সঙ্গে ২০২১-২২ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
জাহিদ মালেক বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন ইডিসিএল টিকা উৎপাদন কার্যক্রম শুরু করবে। এটা একটু সময়সাপেক্ষ। যত তাড়াতাড়ি পারা যায় আমরা প্রোডাকশনে যাব, এটাই আমাদের চেষ্টা থাকবে। মন্ত্রী বলেন, অল্প দিনের মধ্যেই মডার্নার ২৫ লাখ টিকা আমরা পাচ্ছি। চীন থেকেও তাড়াতাড়ি টিকা পাব। চুক্তি অনুযায়ী, আগামী মাসেই চায়নার টিকা পেতে শুরু করব। কোভ্যাক্স থেকেও টিকা পেতে থাকব। এই সময়ের মধ্যে রাশিয়ার সঙ্গেও হয়তো আমাদের চুক্তি করার কাজ শেষ করতে পারব। কাজেই টিকা কার্যক্রম আগামীতে বন্ধ রাখতে হবে না।
তিনি বলেন, করোনা নিয়ন্ত্রণে আনতেই লকডাউন দেওয়া হচ্ছে। আমাদের এখনো চিকিৎসা দেওয়ার যথেষ্ট স্কোপ আছে। আমাদের ১২ থেকে ১৫ হাজার বেড সারা দেশে করোনা চিকিৎসার জন্য রেডি আছে। হাইফ্লো ন্যাজাল ক্যানোলা অনেক আছে। সরকারি-বেসরকারিভাবে প্রায় ১ হাজার ৬০০ অক্সিজেন কনসেনট্রেটর আছে। ওষুধের কোনো ঘাটতি নেই। সেটা থেকে আমরা মনে করি সহনীয় পর্যায়ে আছি।