কুমিল্লার চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।
সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার বাগুর পশ্চিমপাড়া (মালাগাজি) এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা ওই বাসের চালক ও হেলপার ছিলেন। সকাল ১০টা পর্যন্ত নিহতদের পরিচয় জানাতে পারেনি হাইওয়ে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সালেহ আহমেদ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দাউদকান্দি থেকে ছেড়ে আসা সিডিএম পরিবহনের যাত্রীবাহী বাসটি চান্দিনার বাগুর এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে খাদে পড়ে। এ সময় হাইওয়ে টহল পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে।
পুলিশ পরিদর্শক সালেহ আহমেদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এ সময় বাসের চালক-হেলপারসহ আহত যাত্রীদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক ও হেলপারকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, এ ঘটনায় আহত ৫ যাত্রীর মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আর একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। বাকি ৩ যাত্রী চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। দুর্ঘটনাকবলিত বাসটিকে উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে। আমরা নিহতদের পরিচয় জানার চেষ্টা করছি।